সংসদ ও রাজপথে সমান্তরালে আন্দোলন চলতে থাকবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
রাজনীতি
0

জাতীয় সংসদ ও রাজপথে সমান্তরালে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের উদ্বোধনী জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে। আমাদের দাবি স্পষ্ট। ছয় দফা দাবি আপনারা দেখেছেন, তার সঙ্গে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করবো না। অতিষ্ঠ জনগণ, চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত।’

তিনি বলেন, ‘গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই; কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহ এর বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো। তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই— সিফাতের মুখের ভাষা নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।’

আরও পড়ুন:

সিফাতকে মুক্তি দেয়ার জন্য হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘ওরে ছেড়ে দেন। ভালোয় ভালোয় ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন— এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পঁচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।’

তিনি বলেন, ‘আমরা এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি।’

লংমার্চের কৌশল এরইমধ্যে কাজ করতে শুরু করেছে বলে জানান তিনি।

বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মসূচির কৌশল এরইমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ, প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি— আপনারা বলতেছেন এই করলে, সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না, আমরা পরিষ্কার বলে দিচ্ছি— জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি বলেন, ‘আপনারা দোয়া রাখবেন সবাই। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি, জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশা আল্লাহ। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়-রাজপথে, চলবে জাতীয় সংসদে। সমান্তরালে এই আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।’

এসএস