চাঁদাবাজদের জন্য জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেয়া হবে না: আইনমন্ত্রী

ঝিনাইদহ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
রাজনীতি
0

দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এসময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এই দুই একজন মাদক কারবারি, চাঁদাবাজরা বিএনপির নাম ভাঙিয়ে চলছে। এরা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তারা এখনো গোপনে আঁতাত করছে, শেল্টার দিচ্ছে। বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিলো। এ ধরণের কাউকে বিএনপিতে দরকার নেই।’

মাদক ও চাঁদাবাজি মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর অবস্থান নেওয়ার কথা বলেন মন্ত্রী।

পরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯ টি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ৯৫ লাখ ৬০ হাজার চেক বিতরণ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর