আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষে দু’পক্ষের লোকজন টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শটগান দিয়ে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোর নিয়ন্ত্রণ, মাটি ও শ্রমিক সরবরাহ এবং বিভিন্ন কর্মকাণ্ড থেকে প্রাপ্ত কমিশন বাণিজ্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। এক পর্যায়ে সেই বিরোধ উত্তেজনায় রূপ নেয়। এরই জেরে আজ সকাল থেকে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়। পাশাপাশি দু’পক্ষের পাঁচজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে।
সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।





