বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, এক দিনেই বাড়লো প্রায় ৩ শতাংশ

স্বর্ণের দাম বৃদ্ধির প্রতীকী ছবি
বিদেশে এখন
0

মার্কিন ডলারের টানা উত্থান থামা এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে এক বছরের বেশি সময়ের সর্বনিম্ন অবস্থান থেকে শুক্রবার ঘুরে দাঁড়িয়েছে মূল্যবান এই ধাতুর বাজার। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৩৫ মিনিট নাগাদ স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৭০ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত বুধবার স্বর্ণের দাম ২০২৫ সালের আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচারস মার্কেটে স্বর্ণের দাম ৩ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬৬৯ দশমিক ৩০ ডলারে উঠেছে।

আর্থিক প্রতিষ্ঠান সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ‘কয়েক দিনের দরপতনের পর ক্রেতারা আবার বাজারে ফিরেছেন। সাম্প্রতিক ঢালাও বিক্রির পর প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলো স্থিতিশীল হয়েছে বলে মনে হচ্ছে। এটি স্বর্ণের জন্য ইতিবাচক। কারণ শেয়ারবাজারে ধসের কারণে অনেক বিনিয়োগকারী নগদ অর্থের জোগান দিতে এবং অন্যান্য খাতের লোকসান পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করে দিতে বাধ্য হয়েছিলেন। স্বর্ণের দাম সহজেই আবার ৫ হাজার ডলারে ফিরে যাবে বলে আমি মনে করি না, তবে দাম ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ ডলারে ফেরার ভালো সম্ভাবনা দেখছি।’

চলতি সপ্তাহের শুরুতে ২২ মাসের সর্বোচ্চ চূড়ায় ওঠার পর মার্কিন ডলারের দামে কিছুটা ভাটা পড়েছে। ডলারের মান কমলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলারে কেনাবেচা হওয়া ধাতুর দাম তুলনামূলক সস্তা হয়ে আসে। এছাড়া মাসজুড়ে বড় ধরনের অস্থিরতার পর শেয়ারবাজারেও স্থিতিশীলতা ফিরেছে। যুক্তরাষ্ট্রে ছুটির আমেজের কারণে এআই খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও কিছুটা প্রশমিত হয়েছে।

গত বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, বছরের তৃতীয় প্রান্তিকে মার্কিন অর্থনীতি প্রাথমিক পূর্বাভাসের চেয়ে অনেক দ্রুতগতিতে বেড়েছে এবং অক্টোবরে মূল্যস্ফীতিও ত্বরান্বিত হয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুর দিকে আবারও সুদের হার বাড়াবে বলে ধারণা জোরালো হয়েছে। সাধারণত সুদের হার বাড়লে সুদবাহী বিকল্প সম্পদে মুনাফা বাড়ে, যা স্বর্ণের আকর্ষণ কমিয়ে দেয়।

এদিকে চলতি সপ্তাহে এশিয়ার প্রধান বাজারগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে। ভারতে অলংকার ও বিনিয়োগের জন্য স্বর্ণ কেনা বেড়েছে। অন্যদিকে চীনে খুচরা পর্যায়ে জোরালো কেনাকাটার কারণে স্থানীয় বাজারে স্বর্ণের প্রিমিয়াম বা অতিরিক্ত মূল্য চাঙা রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৪ দশমিক ২৫ ডলারে উঠেছে। এছাড়া প্লাটিনামের দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৮২ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯১৩ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। এই তিনটি ধাতুই সাপ্তাহিক মূল্যবৃদ্ধির পথে রয়েছে।

এএম