সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৬ ডিসেম্বর থেকে আংশিকভাবে খুলতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। কথা রয়েছে প্রথম দিনেই টার্মিনালটি থেকে উড়াল দেবে ২০টি উড়োজাহাজ। তবে এখনো মন্ত্রণালয়ের অধীনে জাপানের সঙ্গে পরিচালনার চুক্তি সম্পন্ন না হওয়া, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব নির্ধারিত না হওয়া, প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সংস্থার দৃশ্যমান প্রস্তুতি না থাকায় ধোঁয়াশা যেন কাটছেই না।
আলোচিত এই টার্মিনালটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়েছে জাপানি কনসোর্টিয়াম। এ বিষয়ে বোর্ডসভায় তাদের দেয়া প্রস্তাব অনুমোদন করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ।
তবে জাপানি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ার ক্ষেত্রে সরকারের দেয়া বিভিন্ন ছাড় ও চুক্তির শর্ত নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। এর মধ্যে টার্মিনাল ১ ও ২ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলতে না পারার মতো সিদ্ধান্ত কতটুকু বাংলাদেশের পক্ষে গেল তাও ভাবার বিষয় বলছেন বিশ্লেষকরা।
এভিয়েশন বিশেষজ্ঞ উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম বলেন, ‘টোটাল এইটা ১ কোটি ২০ আর এক্সিস্টিং এক নাম্বার এবং দুই টার্মিনাল আমাদের ৮০ লাখ, তো আমরা দুই কোটির ওপরে লোকের সার্ভিস দিতে পারবো। যদি আমরা ওই দুইটা টার্মিনাল ব্যবহার না করতে পারি, তাইলে তো আলটিমেটলি আমাদের ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো না।’
আরও পড়ুন:
বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, ‘যদি টার্মিনাল ১ অ্যান্ড ২ টা যদি এই চুক্তিতে না ঢুকানো হয়, তাহলে হয়তোবা বিমান যদি কিছু ট্রাফিক টার্মিনাল ১ অ্যান্ড টু এর জন্য নিয়ে নেয়, তাহলে তো এই পাশটা তারা পাবে না।’
শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছর কোনো প্রতিযোগী বেসামরিক বিমানবন্দরের বাণিজ্যিক কার্যক্রম চালু না করার শর্তের বিপরীতেও বিশ্লেষকরা বলছেন, এ বাণিজ্যিক চুক্তি থার্ড টার্মিনাল ঘিরেই হওয়া উচিত ছিল।
এটিএম নজরুল ইসলাম বলেন, ‘থার্ড টার্মিনালকে ঘিরে যদি কোনো বাণিজ্যিক চুক্তি হয়, সেই বাণিজ্যিক চুক্তিগুলো থার্ড টার্মিনালকে ঘিরেই হওয়া উচিত ছিল। থার্ড টার্মিনালের আয় এবং ব্যয় থেকেই এই চুক্তিটা থাকা উচিত। অর্থাৎ থার্ড টার্মিনাল ঘিরে যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ড তো খুব বিশাল হবে, কম হবে না।’
তিনি বলেন, ‘তো সেই কর্মকাণ্ডটা থার্ড টার্মিনালকে ঘিরেই থাকা উচিত ছিল, এখানে এক নম্বর টার্মিনাল ও দুই নম্বর টার্মিনাল কিংবা ১০০ কিলোমিটারের ভেতর এয়ারপোর্ট হতে পারবে কি পারবে না, এটা যদি না আনলেই ভালো হতো।’
একইসঙ্গে বর্তমান সরকারের এই চুক্তি স্বাক্ষর করার পেছনে বিগত সরকারের দুর্বলতা রয়েছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:
এটিএম নজরুল ইসলাম বলেন, ‘বিগত সরকারগুলোর আমার মনে হয় এখানে কিছু দুর্বলতা আছে। তারা ঠিকমতো এটাকে অ্যাড্রেস করে নাই। কারণ এই আলোচনাটাই গভর্মেন্ট ধারাবাহিকভাবেই তাদের হচ্ছে ইনহেরিট করেছে। কিন্তু এটা যদি প্রথম থেকেই ওপেন রাখার চেষ্টা করতো যেটা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যখন কাজগুলো শুরু হয়, তখন যদি এটা ওপেন রেখে কোন অপারেটর আসবে।’
তিনি বলেন, ‘সেটা যেহেতু এটা বাংলাদেশের একটা সম্পদ, বাংলাদেশেই ডিসাইড করবে কে আসবে এবং এটা ওপেন থাকতে পারতো।’
এম মফিদুর রহমান বলেন, ‘এটা সত্য, যদি আজকে এটা জাপান না হয়ে এটা যদি ওয়াইড ইন্টারন্যাশনাল বিডিংয়ের মাধ্যমে হতো, হয়তোবা এই যে প্রসেসটা আরও আগে শেষ করা সম্ভব হতো। সবার একটা কম্পিটিটিভ ইয়া থাকতো, এটিচুড থাকতো, এখন তো ওয়ান সাইডেড হয়েছে, একতরফা হয়েছে, বাট এটার সিদ্ধান্তটা আগেই থেকেই আসছে।’
এছাড়া থার্ড টার্মিনালের যাত্রী সুবিধা শুধু আধুনিক হলেই হবে না, বরং বিমানবন্দরের নিয়োজিত লোকবলও হতে হবে যাত্রী কেন্দ্রিক।





