‘হার্ট অ্যাটাকই’ বোর্ডে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে— নিজের ব্যাপারে তামিম

বিসিবি সভাপতি তামিম ইকবাল
এখন মাঠে
0

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার নতুন বার্তা দিয়েছেন তিনি। নিজের জীবনের গুরুত্বপূর্ণ মোড় নিয়েও কথা বলেছেন সাবেক এ অধিনায়ক। তিনি জানান, হার্ট অ্যাটাকই তাকে বোর্ডে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

বাংলাদেশ ক্রিকেটে শুরু হয়েছে নতুন এক অধ্যায়। মাঠের বাইরের দায়িত্বে এবার সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির অ্যাড-হক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই তিনি জানালেন বাংলাদেশ ক্রিকেটের হারানো গর্ব ফিরিয়ে আনাই এখন তার প্রধান লক্ষ্য।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে খেলোয়াড় হিসেবে যেসব সমস্যা দেখেছেন, এবার সেগুলোর সমাধান করতে চান তিনি। খেলোয়াড়দের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করে পারফরম্যান্স আরও ভালো করার দিকেই থাকবে তার নজর।’

তামিমের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতেই কাজ করছে নতুন প্রশাসন। এই সাক্ষাৎকারে নিজের জীবনের গুরুত্বপূর্ণ মোড় নিয়েও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক।

আরও পড়ুন:

তামিম জানান, গত বছরের হার্ট অ্যাটাকই তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। জাতীয় দলে ফেরার চেষ্টা চললেও পরিবারের কথা ভেবেই শেষ পর্যন্ত মাঠের ক্রিকেট থেকে সরে এসে প্রশাসনিক ভূমিকায় আসেন তিনি।

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক নিয়েও আশাবাদী তামিম। তার বিশ্বাস, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব এবং চলতি বছরের শেষ দিকে ভারতের বাংলাদেশ সফরও হবে।

এসময় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় নিয়ে তামিম বলেন, ‘সবুজ উইকেটে খেলে জয়ের মানসিকতা দেখিয়েছে বাংলাদেশের বদলে যাওয়া ক্রিকেট সংস্কৃতি।’ বিশেষ করে ফাস্ট বোলিং ইউনিট গড়ে তুলতে মমিনুল হকের অবদানের কথাও তুলে ধরেন তিনি।

তামিমের বিশ্বাস— ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যতই বাড়ুক, দেশের হয়ে খেলার আবেদন কমবে না ।

একসময় মাঠে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন, আর এখন ক্রিকেট প্রশাসনে নতুন ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল। তবে তার সাম্প্রতিক মন্তব্য স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে তিনি যথেষ্ট সচেতন ও পরিবর্তনের পক্ষে।

এফএস