২১ আগস্ট শুরুর কথা থাকলেও নানান কারণে পিছিয়ে গেছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরুর সময়। নতুন সূচিতে ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লীগ। তবে এর আগেই দেখা দিয়েছে আরেক জটিলতা।
নীরবিচ্ছিন্নভাবে ঘরোয়া লীগ চালু রাখতে বাফুফের কাছে সূচি পুনর্বিন্যাসের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফুটবল লীগের ক্লাবগুলো। যদিও সেই চিঠিতে স্বাক্ষর জালিয়াতীর বিস্ফোরক অভিযোগ করেছে সিটি ক্লাব। যা জেনে বাকরুদ্ধ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ বিষয়ে সঠিক তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘এটার সাথে যারা জড়িত আছে একটি তদন্ত কমিটি করে, ডেফিনেটলি আমি আজকের ভিতরেই এই তদন্ত কমিটি করে ইনশাল্লাহ এটাকে সঠিক তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে কেন এই ধরনের জালিয়াতি হয়েছে এবং এই ধরনের সুযোগ কারা নিল এই বিষয়গুলো খতিয়ে দেখে আমরা ডেফিনেটলি আমরা এটার ব্যবস্থা নিবো।’
এদিকে এখনো আনুষ্ঠানিকভাবে সিটি ক্লাবের অভিযোগ না পাওয়ার দাবি বাফুফের। অভিযোগ এলে তদন্তের আশ্বাস লীগ কমিটির।
বাফুফের লিগ কমিটির কো-চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘যদি সিটি ক্লাব সই না করে থাকে ফেডারেশনকে যদি লিখিত জানায়, তো অবশ্যই তদন্ত হবে। এটা তো তদন্ত হওয়ার ব্যাপার।’
এসব জটিলতার মাঝে যথাসময়ে লীগ শুরু নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যদিও এখনো সূচি অনুসারে খেলা শুরু করতে আত্মবিশ্বাসী বাফুফে।
বাফুফের লিগ কমিটির কো-চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘আমরা তো লীগের সিডিউল দিয়ে দিয়েছি। ১৮ তারিখ এবং ২২ তারিখ। সেই সিডিউল এখনো পর্যন্ত ঠিক আছে। আশা করি ১৫ তারিখের ভিতরে আমাদের সব মাঠ যেটুক ত্রুটি ছিল আমরা সব সেরে উঠতে পারব ইনশাল্লাহ। আমাদের সিডিউল অনুযায়ী খেলা হবে।’
লীগ ইস্যুতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা শেষে শিগগিরই সংকট কাটবে, এমন প্রত্যাশা বাফুফের।





