সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে কিছুটা নরবড়ে মানসিকতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ টাইগারদের সামনে। তবে ক্যারিবীয়দের বিপক্ষে অতীতের পরিসংখ্যান বলছে কাজটা মোটেই সহজ হবে না। এখন পর্যন্ত মিরপুরে উইন্ডিজের বিপক্ষে এক জয়ের বিপরীতে টাইগারদের হার তিন ম্যাচে।
তবে হোম অব ক্রিকেটে বরাবরই আত্মবিশ্বাসী বাংলাদেশ। বিশেষ করে স্পিনবান্ধব উইকেটে প্রতিপক্ষকে চাপে ফেলার সামর্থ্য আছে টাইগারদের। যদিও পিচ নিয়ে খুব বেশি মাথা ঘামাতে চান না দুই অধিনায়কের কেউই।
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘উইকেটটা হ্যাঁ অবশ্যই আমাদের এখন দেখেন পেস বল এবং স্পিন বল দুই দিকেই আমরা ভালো অবস্থানে আছি। সো আমার মনে হয় যে কন্ডিশনটা আমাদের যেটা স্যুট করবে ওই অনুযায়ী আমরা যাব।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে বাংলাদেশ। বিপরীতে ১২ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে অষ্টম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আর তাতেই স্কোয়াড নিয়েও কিছুটা স্বস্তি বাংলাদেশের। ইনজুরি কাটিয়ে ফিরছেন লিটন। ম্যাচের আগে অনুশীলনে মুশফিকের চোট নিয়েও খুব বেশি ভাবতে হচ্ছে না দলকে।
তবে মিরপুরে ম্যাচের আগে পরিসংখ্যানে এগিয়ে ক্যারিবীয়রা। টেস্ট ক্রিকেটে দুই দলের ২২ দেখায় ওয়েস্ট ইন্ডিজের জয় ১৫টি, বাংলাদেশের পাঁচটি। বাকি দুই ম্যাচ ড্র। সর্বশেষ ২০২৪ সালে ক্যারিবীয়দের মাটিতে দুই ম্যাচের সিরিজ এক-এক সমতায় শেষ করেছিল বাংলাদেশ। এবার নিজেদের মাঠে সেই ব্যবধান কমানোর সুযোগ।
ঘরের মাঠে শেষ দেখায় এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে সামনে রেখে এবার কেমন করবে লিটন-শান্তরা? ক্যারিবীয়রা কিন্তু বেশ শক্তিশালী পরীক্ষা নেয়ারই ঘোষণা দিয়েছে। আর তাই জমজমাট এক সিরিজের প্রত্যাশা করতে পারেন ক্রিকেটভক্তরা।





