একসময় জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায় দেখা যেত আবাহনী এবং মোহামেডানের চিরায়ত দ্বৈরথ। গ্যালারির গর্জনে কেঁপে উঠতো পুরো স্টেডিয়াম এলাকা। দেশের ফুটবলের সেই ঐতিহাসিক প্রাণকেন্দ্র জাতীয় স্টেডিয়াম ২০২১ সাল থেকে সংস্কার কাজের জন্য চলে যায় দীর্ঘ বিরতিতে। সংস্কারের পর দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে গেল বছর জুনে জাতীয় দলের ম্যাচ ফিরেছে। তবে এবার অপেক্ষা চেনা আঙিনায় ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের।
২৪ নভেম্বর ঐতিহাসিক প্রত্যাবর্তনের সেই ম্যাচে মুখোমুখি হবে ফর্টিস এফসি এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একই দিনে ঢাকার বাইরে মুন্সীগঞ্জে আবাহনী এবং ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম সিটি এফসির লড়াইয়ে মাতবে দেশের ফুটবল।
ফেডারেশন কাপের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের উন্মাদনায় মাতার সুযোগ থাকবে দর্শকদের। তবে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে লিগের খেলা দেয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই বাফুফের লিগ কমিটির।
বাফুফের লিগ কমিটির কো চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আপাতত টিকেট মনে হয় রাখা হবে না। ২৪ তারিখ খেলাটা শুরু করি, তারপর আল্লাহ ভরসা দেখা যাক। না, আমাদের তো টিকিটের ব্যবস্থা করা হয়নি। টিকিটের ব্যবস্থা আপাতত আমরা করব না।প্রাথমিকভাবে অনেকদিন পরে খেলা হচ্ছে তো, ফেডারেশন কাপ দিয়ে আমরা শুরু করছি, পরে দেখা যাক।’
দর্শকদের মাঠমুখী করতে ফেডারেশন কাপের ম্যাচের টিকিট সম্পূর্ণ ফ্রি রাখার পরও পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে সাধারণ মানুষের মাঝে নেই তেমন আগ্রহ। ফলে ঐতিহাসিক এই ফেরার দিনেও গ্যালারিতে দর্শক খরার শঙ্কা থেকেই যাচ্ছে।
খেলা দেখতে আসা এক দর্শক বলেন, ‘প্রচার-প্রচারণা থাকলে না হয় ভালোভাবে আরও জানতে পারতাম। কবে কোন ম্যাচ ফিকশ্চার বুঝে বুঝে দেখতে পারতাম। কিন্তু ওরকম কিছুই এখনও জানি না।’
আরেক দর্শক বলেন,‘বাফুফের প্রচার-প্রচারণাটা কেমন সেটা তো আমরা সাফ চ্যাম্পিয়নশিপেও দেখেছি। সাফ চ্যাম্পিয়নশিপ একটা এত বড় একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হলো, সাফের আওতায় সেটা পড়ে প্রচার-প্রচারণা। কিন্তু বাফুফের পক্ষ থেকেও তো একটা হোম কান্ট্রি হিসেবে তাদের আমরা ওই ধরনের কোনো উদ্যোগ দেখি নাই।’
জাতীয় স্টেডিয়াম শুধু একটি খেলার মাঠ নয়, বাংলাদেশ ফুটবল ইতিহাসের আবেগ এবং ঐতিহ্যের অংশ। পুরনো দিনের সেই স্মৃতি, সাফল্য আর দর্শকদের উন্মাদনা কতটা ফিরিয়ে এনে ঘরোয়া ফুটবলের মান উন্নয়নে কাজে লাগাতে পারে ফেডারেশন, তার উত্তর সময়ই মিলবে।





