বিসিবির কর্মকর্তারাই আর্থিক অনিয়মে জড়িত: নাজমুল হাসান

বিসিবি পরিচালক  এম নাজমুল হাসান
ক্রিকেট
এখন মাঠে
0

একের পর এক আর্থিক অনিয়মের অভিযোগে জর্জরিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন টিভির সঙ্গে আলাপে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান নাজমুল হাসান জানালেন এসবের সঙ্গে জড়িত খোদ বিসিবির কর্মকর্তারাই। বললেন অনিয়ম রোধ করতে গিয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে তাদেরকে।

আর্থিক অসঙ্গতি থাকলে তা তো প্রকাশ পাওয়া জরুরি বলে মন্তব্য বিসিবি পরিচালক এম নাজমুল হাসান। সাম্প্রতিক সময়ের নিজের নানাবিধ মন্তব্যের জন্য যাকে সইতে হয়েছে সমালোচনার নানা দিক। বিগত তিন মাসে বিসিবির আর্থিক বিভাগ সামাল দিতে গিয়ে দেখেছেন দুর্নীতি আর অনিয়মের নানা অধ্যায়। তবে বিষয়টা এখন পর্যন্ত দেখছেন ইতিবাচক নজরে।

২০২১-২২ অর্থবছরে বিসিবির ব্যয় ছিল ৩১৭ কোটি ৯৯ লাখ ৫২ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যা হয়েছে ৪০৭ কোটি ৭৮ লাখের বেশি।দুই বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে প্রায় ৯০ কোটি টাকা। এর ব্যাখ্যায় কী বলছেন বিসিবি ফাইন্যান্স কমিটি চেয়ারম্যান?

বিসিবি পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল হাসান বলেন, ‘বিগত দুই বছরের হিসেবগুলো দেখার মতো আমার এখনও সুযোগ হয়নি। আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে অস্বাভাবিক ফ্লোটা তো আর বিসিবির হয় না। এটা বিসিবি যারা চালাচ্ছে তাদের ওপরে নির্ভর করে আর ফ্লোটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে। নিয়ন্ত্রণের বাহিরে অনেক কিছু ছিলো। যেগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি।’

আরও পড়ুন:

অভিযোগ আছে, সম্প্রতি কোনো দরপত্র ছাড়াই প্রায় ৯৫ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে বোর্ড সভায়। স্টেডিয়াম সংস্কার কিংবা ক্রিকেট অ্যাকাডেমি তৈরিতে অযাচিত খরচের অভিযোগও আসছে প্রতিনিয়ত। বিসিবি এই পরিচালকের অভিযোগ, অনিয়মের তদন্ত করতে গিয়ে বিভিন্ন হুমকিও সইতে হচ্ছে তাকে।

বিসিবি পরিচালক আরও বলেন, একটা জিনিসকে, অনিয়মকে আপনি নিয়মে পরিবর্তন করে ফেলেছেন। এখন সে জায়গাটাকে যদি আমি বলি এটা অনিয়ম। এটাকে নিয়মের ভিতরে আনতে হবে। তাহলে আপনি এতো দিনের অভ্যস্ততার ভিতরে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন। বিসিবিতে তিন মাস ধরে আমাদেরকে শান্তিতে কাজ করতে দেয়া হচ্ছে না। বাধাগ্রস্ত করার হচ্ছে আমাদের কার্যক্রমটাকে। আমরা এমন একটা বিসিবি তৈরি করতে চাচ্ছি যে বিসিবি ন্যায়ের বিসিবি হবে আর এ কার্যক্রমটাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বিসিবির সঙ্গে দূরত্ব বেড়েছে ক্রিকেটার ও সাংবাদিকদের। পরিচালক নাজমুল ইসলাম অবশ্য প্রত্যাশা করেন, দ্রুতই কমে আসবে এ দূরত্ব।

জেআর