বোর্ডকে সংকটে ফেলে অস্ট্রেলিয়ায় আমিনুল ইসলাম বুলবুল! গভীর রাতে বিসিবি সভাপতির দেশত্যাগ! গত ১৬ ফেব্রুয়ারি বিসিবি সভাপতি পরিবারের কাছে যাওয়ার পর এভাবেই চটকদার সংবাদ পরিবেশন করতে থাকে একটি পক্ষ। গুঞ্জন ওঠে, আর ফিরবেন না বোর্ড প্রেসিডেন্ট।
বিসিবি নির্বাচন নিয়ে বিতর্কের রেশ, বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া, বিপিএলের অমীমাংসিত পারিশ্রমিক ইস্যুতে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন অনেকেই। তবে এখন টেলিভিশন জানতে পেরেছে, রোববার ভোরে ঢাকায় ফিরছেন বুলবুল। যদিও বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, এ সপ্তাহে দেশে ফিরছেন তিনি।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘দায়িত্ব দেয়নি। কিন্তু আজকাল তো আর দায়িত্ব দেয়া লাগে না। এটা তো যার যার ব্যাপার। অনলাইনে উনি সার্বক্ষণিক যোগাযোগে ছিলেন। আমার যতটুক তথ্য এ সপ্তাহেই তিনি আসছেন।’
আরও পড়ুন:
এদিকে বিপিএলের বকেয়া পারিশ্রমিক ইস্যুতে ঢাকা ক্যাপিটালসকে নিয়ে রীতিমতো বিপাকে পড়েছে বিসিবি। বারংবার চিঠি দেয়ার পরও ঠুনকো প্রতিশ্রুতিতে ৬০ দিন কাটিয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার ধৈর্যচ্যুতি ঘটছে বিসিবির।
ইফতেখার রহমান মিঠু বলেন, ‘প্লেয়ারদের থেকে কনফার্মেশন পেয়েছি এখনো তাদের অনেক টাকা বাকি। ৩ কোটিরও বেশি টাকা। ধৈর্য্যের একটা সীমা আছে। আমরা এ সপ্তাহের মধ্যেই একটা অ্যাকশনে যাবো। আমাদের কাছে ওনাদের ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আর ৫ কোটি টাকার ব্যাংক চেক আছে।’
এছাড়াও ব্যাংক গ্যারান্টির সময়সীমা শেষ হয়ে যাওয়ার বিষয়ে যে শঙ্কা ছিলো সেটা উড়িয়ে দিয়েছেন ইফতেখার মিঠু।
তিনি বলেন, ‘একটা ব্যাংক গ্যারান্টির সময়সীমা হলো ১৫ মে। তার মানে আরও আমাদের প্রায় দেড় মাস আছে। আর আরেকটা বোধহয় ৬ মাস আছে। আমরা লভ্যাংশ দেব যখন সব ক্লোজ হবে। আপনি যখন টিম নিয়েছেন এটার সঙ্গে কিন্তু এটার কোনো কানেকশন নেই।’
ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপাকে থাকলেও বিপিএলের বাকি দলগুলোর বিষয়ে স্বস্তি প্রকাশ করেছেন ইফতেখার মিঠু। জানিয়েছেন সিলেটের বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ছাড়া বাকিদের পেমেন্ট ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে।





