দীর্ঘ ১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। মাইটি অজিদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে টাইগাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলগত পারফরম্যান্স ও সঠিক কম্বিনেশনের ওপর দিচ্ছেন সর্বোচ্চ জোর।
এই সিরিজ দিয়ে জাতীয় দলের মিডল অর্ডারে পুনর্বাসন মোসাদ্দেক হোসেন সৈকতের। মোসাদ্দেকের সঙ্গে নিজের প্লেইং রোলের মিল বা দলেকোনো সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন অধিনায়ক মিরাজ। তিনি জানান, ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে জাতীয় দলেও সৈকত ধরে রাখতে পারলে উপকৃত হবে দল।
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি আর মোসাদ্দেক কিন্তু একসঙ্গে বাংলাদেশ টিমে অনেকদিন খেলেছি এবং আপনারা যদি দেখেন ১৯ সালের ওয়ার্ল্ড কাপও আমরা খেলেছি একসঙ্গে। সো আমার কাছে মনে হয় এটা কোনো ডিফারেন্ট কোনো ইস্যু না। মোসাদ্দেক মোসাদ্দেকের রোলটা প্লে করবে, আমি আমার রোলটা প্লে করব। মোসাদ্দেক হলো ব্যাটিং অলরাউন্ডার, আমি হলো বোলিং অলরাউন্ডার। সো দুইজনের রোলটা ডিফারেন্ট।’
আরও পড়ুন:
আসন্ন বিশ্বকাপে সাউথ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পেস বোলিং বিভাগে তরুণ নাহিদ রানাকে অত্যন্ত জরুরি ও কার্যকরী মনে করছেন অধিনায়ক।
মেহেদী হাসান মিরাজ বলেন, ‘নাহিদ রানার যে পটেনশিয়াল সেটা আমরা সবাই জানি, জোরে বল করতে পারে এবং ভালো জায়গায় বল করতে পারে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকাতে, সো জোরে বোলারদের আমাদের টিমে থাকাটা খুবই ইম্পরট্যান্ট এবং আমরা ওইভাবেই ওকে চিন্তা করেছি এবং ওইভাবে ওকে সাহস দিয়ে ব্যাক করেছি।’
দলীয় ভাবনার পাশাপাশি নিজের ব্যাটিং পজিশন নিয়েও কথা বলেন মিরাজ। জানান, লোয়ার-মিডল অর্ডারে নেমে দলের জয়ে ছোট কিন্তু কার্যকরী কন্ট্রিবিউশন রাখতে তিনি নিজেকে শতভাগ প্রস্তুত ও আত্মবিশ্বাসী করে তুলেছেন।
অস্ট্রেলিয়া দলে আসছেন না মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তবুও অতিথিদেরই শক্তিশালী মনে করছেন মিরাজ। তবে নিজেদের সেরাটা দিয়ে তাদের হারাতে চায় টাইগাররা।





