গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল; জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল
এখন জনপদে
0

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) নেতাকর্মীরা। এসময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানারও টাঙিয়েছেন বিক্ষোভকারীরা। এছাড়া পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

আজ (রোববার, ১৫ নভেম্বর) বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি পালন করেন কয়েক হাজার নেতাকর্মী। মিছিলে জাতীয় পতাকার পাশাপাশি লাঠি, রামদা, চায়নিজ কুড়াল, টেটা, বল্লম ও লগি-বইঠার মতো দেশিয় অস্ত্র দেখা যায়। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকেই গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখানে তাদের জন্য খাবারের আয়োজন করা হয়। পরে গাবতলা মোড়ে একত্র হয়ে সালাউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হক তনুর নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

পরে বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট ব্রিজ এলাকায় একত্র হয়। সেখান থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে যান। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কার্যালয়টি খুলে সেখানে উল্লাস করেন তারা। এসময় নেতাকর্মীদের হাতে জাতীয় পতাকার পাশাপাশি দেশিয় অস্ত্র দেখা যায়।

আরও পড়ুন:

এর আগে বিক্ষোভকারীরা শহরের লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলেন তারা।

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের থাই গ্লাস ভাঙচুর করেন। এপিসির গায়েও লাল রং দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে দেন।

বিক্ষোভ ও অবরোধের কারণে বেলা ১১টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের অবস্থান দেখা গেলেও ভাঙচুর ও অবরোধের সময় পুলিশের উল্লেখযোগ্য তৎপরতা চোখে পড়েনি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে যত দিন দেশে ফিরিয়ে আনতে না পারব, তত দিন রাজপথে আমাদের আন্দোলন চলতে থাকবে।’

অন্যদিকে বিক্ষোভ, ভাঙচুর ও অবরোধের বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। দায়িত্বে থাকা পুলিশের এক কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এফএস