চার বছর পর দলে ফিরেই ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন সৈকত

মোসাদ্দেক হোসেন সৈকত
ক্রিকেট
এখন মাঠে
0

দীর্ঘ চার বছর পর দলে ফিরেই নিজের ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একইদিনে বল হাতে তুলে নিয়েছেন দুই উইকেট। প্রত্যাবর্তনের দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডের পুরোটাই মোসাদ্দেকময়।

শেষ ১০ ওয়ানডে ম্যাচে এক ফিফটি। রান ১৬৭। উইকেট তিন। ঠিক এমন একটা পরিসংখ্যানের পর জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরপর পেরিয়েছে চার বছর। মাঝে আর কখনোই লাল-সবুজের ৩২ নম্বর জার্সিটার জায়গা হয়নি বাংলাদেশের ড্রেসিংরুমে। মাঝে প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু বলেছিলেন, মিরাজ থাকলে আর কখনোই জাতীয় দলে আসা হবে না মোসাদ্দেক সৈকতের।

তবে লাল-সবুজের ড্রেসিংরুমের দরজায় মোসাদ্দেক আঘাত করেছেন প্রবলভাবেই। চলমান ডিপিএলেই সাত ইনিংসে করেছেন ৩৩৬ রান। গড় ৬৭ এর বেশি। স্ট্রাইকরেট ১৩৩.৩৩। এমন পারফরম্যান্সকে উপেক্ষা করার সুযোগ ছিল না খুব একটা। হাবিবুল বাশার সুমনের নির্বাচক প্যানেল মোসাদ্দেককে সুযোগ দিলেন আরও একবার।

আরও পড়ুন:

প্রত্যাবর্তনের মঞ্চে সৈকত হলেন দুরন্ত। ১৩০ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশ যখন শঙ্কায়, তখন মোসাদ্দেক খেললেন দুর্দান্ত এক ইনিংস। বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন, শট খেলেছেন আত্মবিশ্বাসী হয়ে। ফিফটির পরেই অ্যাডাম জাম্পার পরপর তিন বলে হাঁকিয়েছেন বাউন্ডারি। একপাশে উইকেট না থাকায় টেল-এন্ডারদের নিয়েই পার করতে হতো পুরো ৫০ ওভার, সৈকত শেষ করেছেন সেটাও। দলকে দিয়েছেন লড়াই করার মত পুঁজি।

৪৩ ওয়ানডের ক্যারিয়ারে তিন ফিফটি ছিল সৈকতের। ফিরে এসে যোগ করলেন আরও একটি। খেললেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। কে জানে, ক’টা ওভার পেলে হয়তো তিন অংকের ম্যাজিক্যাল ফিগারটাও ছোঁয়া হয়ে যেত!

৬ নম্বরে কার্যকরী ব্যাটিংয়ের পাশাপাশি চলনসই বোলারকে বহুদিন ধরেই খুঁজছে বাংলাদেশ। মোসাদ্দেক ২.০ সেই সমস্যার সমাধান হবেন, এমনটাই প্রত্যাশা নির্বাচকদের। প্রথম দিনে বাংলাদেশকে আপাতত নির্ভারই রাখছেন মোসাদ্দেক সৈকত।

এসএস