ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ!

মেহেদী হাসান মিরাজ
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডে অধিনায়কের পদ হারাতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অ্যাওয়ে সিরিজগুলোতে প্রত্যাশিত ফল না পাওয়ায় নতুন নেতৃত্ব খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকালের (বুধবার, ২৯ জুলাই) বোর্ড সভা শেষে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। যদিও সবই নির্ভর করছে বোর্ড সভাপতি তামিম ইকবালের সিদ্ধান্তের ওপর।

সত্যি-ই কি অধিনায়ক বদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের? ওয়ানডে ক্রিকেটে মেহেদি হাসান মিরাজ অধ্যায়টাও একেবারেই শেষের কাছাকাছি। ক্রিকেট বোর্ডের ভেতরের খবর, আগামীকালের বোর্ড মিটিং থেকেই আসতে পারে অধিনায়ক বদলের চূড়ান্ত সিদ্ধান্ত। এরইমাঝে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ উল্লেখ করেছে, মেহেদি হাসান মিরাজের পরিবর্তে লিটন দাসের হাতে ওয়ানডে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিতে চায় বোর্ড।

বিসিবির একাধিক সূত্রের কাছে এমন গুঞ্জন নিয়ে জানার চেষ্টা করেছে এখন টিভি। ভিন্ন ভিন্ন সূত্র থেকে পাওয়া একাধিক তথ্য অনুযায়ী, অধিনায়কত্ব বদলের সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত।

আরও পড়ুন:

যদিও ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে বোর্ড সভাপতি তামিম ইকবালই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর সেই সিদ্ধান্ত আসবে আগামীকালের বোর্ড সভা থেকেই। ২০২৭ বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে পর্যাপ্ত সময় দিতে কিছুটা আগেভাগেই অধিনায়ক বদলের কাজ শেষ করতে চায় বিসিবি।

ক্রিকবাজের খবর অনুযায়ী, শুরুতে নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়েছিলো। যদিও পরবর্তীতে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকেই ওয়ানডে দলের জন্য পছন্দ করা হয়েছে। এর মাধ্যমে সাদা বল এবং লাল বলের জন্য আলাদা আলাদা অধিনায়ক পাচ্ছে টাইগার ক্রিকেট।

২০২৫ সালের জুনে ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। ঘরের মাঠে একাধিক সিরিজ জিতলেও দেশের বাইরে মিরাজের অধিনায়কত্ব ছিলো একেবারেই গড়পড়তা। তার অধীনে দেশের ১৩ ম্যাচ থেকে মাত্র ২ জয় পেয়েছে বাংলাদেশ। সঙ্গে পারফরম্যান্স ছিলো পড়তির দিকে। ২০২৭ সালে আফ্রিকার মাটিতে বিশ্বকাপ বিবেচনায় তাই অধিনায়ক বদলের সিদ্ধান্তে আসতে যাচ্ছে বিসিবি।

এসএইচ