দ্রুত ক্ষয়ে যেতে থাকা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি সমুন্নত রাখার দায়িত্বে থাকা বিশাল এই সংস্থার শীর্ষ পদের নির্বাচন প্রক্রিয়া এখন চূড়ান্ত ও উত্তেজনাকর পর্যায়ে পৌঁছাচ্ছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়ায় এর আগেই নতুন মহাসচিব বেছে নিতে একাধিক অনানুষ্ঠানিক ভোট বা স্ট্র পোল আয়োজন করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
এই পদের দৌড়ে বর্তমানে আটজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে জাতিসংঘের বাণিজ্য সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) প্রধান কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লানা নুসেইবেহ রয়েছেন।
নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কোনো ভেটো ছাড়া যে প্রার্থী অন্তত নয়টি ভোট পাবেন, পরিষদ তাকেই মহাসচিব পদের জন্য সুপারিশ করবে। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদ ওই প্রার্থীর মনোনয়নে চূড়ান্ত অনুমোদন দিলে নির্বাচন প্রক্রিয়া শেষ হয়।
মহাসচিব নির্বাচন করেন কারা?
কার্যত ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদই জাতিসংঘের প্রধানকে বেছে নেয়। এই পরিষদে ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচটি স্থায়ী সদস্যদেশ রয়েছে। দেশগুলো হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
এর পাশাপাশি প্রতি দুই বছর অন্তর নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্যদেশ নিয়ে এই পরিষদ গঠিত হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে রয়েছে বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডেনমার্ক, গ্রিস, লাতভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া।
জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং সব সদস্যদেশের ভোটের জন্য সাধারণ পরিষদের কাছে তার নাম সুপারিশ করে। নিরাপত্তা পরিষদ কাউকে বেছে নেয়ার পর সাধারণ পরিষদ তাকে ভোট দিয়ে বাতিল করেছে, এমন ঘটনা কখনোই ঘটেনি। এর অর্থ হলো, তাত্ত্বিকভাবে সবার মতামতের সুযোগ থাকলেও সাধারণ পরিষদ কখনোই নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে যায়নি। আর পাঁচ স্থায়ী সদস্যের হাতে ভেটো ক্ষমতা থাকায় মূলত তারাই অস্থায়ী সদস্যদের রাজি করিয়ে পরবর্তী মহাসচিব নির্বাচন করে। তবে ১৯৫০ সালে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে তাদের সুপারিশ ছাড়াই তৎকালীন মহাসচিবের মেয়াদ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছিল সাধারণ পরিষদ।
নিরাপত্তা পরিষদ কীভাবে প্রার্থী বাছাই করে?
কোনো প্রার্থীর বিষয়ে সদস্যরা ‘উৎসাহিত’, ‘নিরুৎসাহিত’ নাকি ‘মতামত নেই’—তা জানতে নিরাপত্তা পরিষদ অনানুষ্ঠানিক ও গোপন ভোটের আয়োজন করে, যা স্ট্র পোল নামে পরিচিত। এটি গোপন থাকার কথা থাকলেও কোন প্রার্থী কতটি উৎসাহ বা নিরুৎসাহমূলক ভোট পেলেন, তা প্রায়ই ফাঁস হয়ে যায়।
ভোটের পরবর্তী ধাপগুলোতে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের ভোট আলাদা করতে রঙিন ব্যালট পেপার ব্যবহার করা হয়, যাতে তাদের অবস্থানের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। কোনো স্ট্র পোলে একজন প্রার্থী অন্তত নয়টি ‘উৎসাহ’ ভোট পেলে এবং তার বিরুদ্ধে কোনো ভেটো না পড়লে সাধারণ পরিষদে সুপারিশের জন্য নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিক ভোটের আয়োজন করে।
স্বতন্ত্র বেসরকারি সংস্থা ইউএন অ্যাসোসিয়েশন-ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেন কিনিনমন্ট জানান, প্রার্থী বাছাইয়ের এই প্রক্রিয়া ঐতিহ্যগতভাবেই রুদ্ধদ্বার ও গোপনীয়। তবে নাগরিক সমাজ ও সদস্যদেশগুলোর প্রচারণার ফলে এটি আগের চেয়ে কিছুটা উন্মুক্ত হয়েছে। আল জাজিরাকে তিনি বলেন, ‘এরপরও নিরাপত্তা পরিষদ তাদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে চলেছে। এটি এমন এক রাজনৈতিক সংস্কৃতির অংশ, যাকে অন্য অনেক দেশ সেকেলে বলে মনে করে। এর পেছনে একটি কথিত কারণ হলো, কোনো দেশই চায় না যে তারা একজন প্রার্থীকে ভোট দিল কিন্তু শেষ পর্যন্ত অন্য একজন নিয়োগ পেলেন এবং ভোট না দেয়ার কারণে নতুন মহাসচিবের মনে তাদের প্রতি ক্ষোভ থাকল।’
আল জাজিরার জাতিসংঘ প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো জানান, পুরো ব্যবস্থাটি যেভাবে তৈরি করা হয়েছে তার কারণেই বাছাই প্রক্রিয়ায় এই গোপনীয়তা রয়েছে। তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে, এমনকি চলতি বছরেও নিরাপত্তা পরিষদের এই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার বিষয়ে কিছু আলোচনা হয়েছে। কিন্তু পাঁচ স্থায়ী সদস্য এটিকে ঠিক আগের মতোই রেখে দিতে চায়।’
এবারের প্রার্থীরা কারা?
শুরুর দিকে কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোর পর বর্তমানে মহাসচিব হওয়ার দৌড়ে আটজন রয়েছেন। এর মধ্যে এগিয়ে থাকা দুই প্রার্থী হলেন আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি এবং আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান।
গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি হবেন জাতিসংঘের নেতৃত্ব দেয়া প্রথম নারী এবং প্রথম ইহুদি ব্যক্তি। ২০২২ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর শস্য চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ওই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়েছিল, যার বড় অংশই গিয়েছিল উন্নয়নশীল দেশগুলোতে।
অন্যদিকে গ্রোসি ২০১৯ সাল থেকে আইএইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে পারমাণবিক উত্তেজনা ঠেকাতে জাতিসংঘের প্রচেষ্টার কেন্দ্রে ছিলেন তিনি। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির সমালোচনা করে দেয়া তার কিছু প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলার অজুহাত তৈরিতে সহায়তা করেছে—এমন ধারণা থেকে বিশেষ করে তেহরানের সমালোচনার মুখেও পড়েছেন গ্রোসি।
প্রতিদ্বন্দ্বিতায় থাকা অন্য প্রার্থীরা হলেন সাধারণ পরিষদের সাবেক প্রধান ইকুয়েডরের মারিয়া ফার্নান্দা এসপিনোসা গার্সেস, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী লানা জাকি নুসেইবেহ, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের প্রধান তুরস্কের ফেরিদুন হাদি সিনিরলিওগ্লু, জাতিসংঘে গায়ানার রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট, ইকুয়েডরের রাজনীতিবিদ ইভন এ-বাকি এবং উগান্ডার রাজনীতিবিদ ওলারা ওতুন্নু।
এ পর্যন্ত অনানুষ্ঠানিক ভোটে কী হয়েছে?
এখন পর্যন্ত আট দফা অনানুষ্ঠানিক ভোট বা স্ট্র পোল অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোনো ‘নিরুৎসাহ’ ভোট পাননি, এমন কোনো প্রার্থীর বিষয়ে এখনো ঐকমত্য তৈরি হয়নি।
জাতিসংঘ প্রধানের পদে সুষ্ঠু, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাছাই প্রক্রিয়ার দাবিতে বিশ্বজুড়ে পরিচালিত ‘১ ফর ৮ বিলিয়ন’ প্রচারণার তথ্যানুযায়ী, অষ্টম দফার ভোটে এগিয়ে ছিলেন রেবেকা গ্রিনস্প্যান। গত সপ্তাহের ওই ভোটে গ্রিনস্প্যান ১২টি উৎসাহ ও ৩টি নিরুৎসাহ ভোট পান। দ্বিতীয় স্থানে থাকা গ্রোসি পান ৯টি উৎসাহ, ৪টি নিরুৎসাহ এবং ২টি মতামতহীন ভোট। তার পরে থাকা বার্কেট পান ৮টি উৎসাহ, ৫টি নিরুৎসাহ এবং ২টি মতামতহীন ভোট।
স্থায়ী সদস্যরা কীভাবে ভোট দিয়েছে বা কেউ ভেটো ব্যবহার করেছে কি না তা স্পষ্ট নয়, তবে মনোনয়ন পেতে হলে প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী সদস্যদের নিরুৎসাহ ভোট শূন্য হতে হবে। কিনিনমন্টের মতে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ে অসন্তোষ ক্রমেই বাড়ছে, যা প্রায়ই পরিষদকে অচল করে দেয়। তিনি বলেন, ‘মহাসচিব নিয়োগের বিষয়টি যেকোনো একক সংঘাতের চেয়ে ভিন্ন। চূড়ান্ত বিচারে এই ব্যক্তিই হবেন জাতিসংঘ সনদের প্রধান রক্ষক এবং বিশ্বের মানুষের মুখপাত্র। তাই নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রকৃতপক্ষে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের সমর্থন থাকার পরও কেবল একটি পরাশক্তি কোনো প্রার্থীর বিরুদ্ধে ভেটো দিতে পারবে—এই ধারণার পক্ষে যুক্তি দেয়া কঠিন।’
বাছাই প্রক্রিয়ায় সাধারণ পরিষদের ক্ষমতা বাড়ানোর বিষয়ে এলিজোন্দো বলেন, ব্যবস্থাটি সংস্কারের আলোচনা থাকলেও এর অর্থ হবে স্থায়ী সদস্যদের নিজেদের কিছু ক্ষমতা ছেড়ে দেয়া। কিন্তু তাদের কেউই ক্ষমতা ছাড়তে চায় না। কারণ জাতিসংঘ ১৯৩টি সদস্যদেশ নিয়ে গঠিত হলেও পরবর্তী মহাসচিব কে হবেন, তা বেছে নেয়ার একচ্ছত্র ক্ষমতা মূলত ওই পাঁচ স্থায়ী সদস্যের হাতেই রয়েছে।
৩১ ডিসেম্বরের মধ্যে কাউকে বেছে নেয়া না গেলে কী হবে?
গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো প্রার্থীকে চূড়ান্ত করা না গেলে কী ঘটবে, সে বিষয়ে জাতিসংঘ সনদে কিছু বলা নেই। ফলে বিষয়টি স্পষ্ট নয়।
কাউকে বেছে নিতে হিমশিম খেলে নিরাপত্তা পরিষদের সামনে কয়েকটি বিকল্প থাকে। এর মধ্যে রয়েছে স্বল্প মেয়াদের জন্য কোনো প্রার্থীর নাম সুপারিশ করা কিংবা সমঝোতার মাধ্যমে কাউকে বেছে নেয়া, যেমনটি ১৯৯৬ সালে অচলাবস্থা তৈরির পর কফি আনানকে নির্বাচনের ক্ষেত্রে করা হয়েছিল। এছাড়া অন্তর্বর্তী সময়ে জাতিসংঘের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে কার্যক্রম তদারকির দায়িত্বও দিতে পারে সদস্যদেশগুলো।
এলিজোন্দো জানান, নতুন মহাসচিব নির্বাচিত না হলে গুতেরেস দায়িত্ব চালিয়ে যাবেন কি না, তা তার কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে গুতেরেস নির্দিষ্ট কোনো অঙ্গীকার না করে বলেছেন, আগামী ১ জানুয়ারি থেকে তিনি নিজের দেশ পর্তুগালে ফিরে যাওয়ার আশা করছেন। এলিজোন্দো বলেন, ‘তখন কী ঘটবে তা কেউই জানে না, কারণ আগে কখনো এমনটি ঘটেনি।’ কিনিনমন্টের মতে, বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক করার একটি উপায় হতে পারে নিরাপত্তা পরিষদে দুই বা তিনজন প্রার্থীর বিষয়ে একমত হওয়া এবং তাদের মধ্য থেকে একজনকে বেছে নিতে সাধারণ পরিষদে ভোটের আয়োজন করা।





