মালয়েশিয়া সিরিজে প্রতিপক্ষ নয় প্রস্তুতিতেই নজর এইচপি দলের

সোহেল ইসলাম
ক্রিকেট
এখন মাঠে
0

মালয়েশিয়াকে হালকাভাবে না নিয়ে নিজেদের প্রস্তুতিতেই গুরুত্ব দিচ্ছে এইচপি দল। কোচ সোহেল ইসলামের প্রত্যাশা, নিয়মিত ম্যাচ খেলার সুযোগে আরও সমৃদ্ধ হবে দেশের ক্রিকেটের পাইপলাইন। আগামী ৮ ও ১০ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দুই ম্যাচ।

মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ সামনে রেখে প্রস্তুত বাংলাদেশ এইচপি দল। প্রতিপক্ষকে ছোট করে না দেখে নিজেদের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করেছে দল। কোচ সোহেল ইসলামের বিশ্বাস, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তরুণদের তৈরি করতে এমন সিরিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ এইচপি দলে কোচ সোহেল ইসলাম বলেন, ‘বড় ছোট দল নাই। সেই কথা সূত্র ধরেই বলতে গেলে যে, আসলে সেভাবে চিন্তা করার কোন অপশনই নাই হালকাভাবে নেয়া বা ওভার থিঙ্কিং করা। আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি এবং সব সিরিজেই যেভাবে প্রিপারেশন নিতে হয়, সেভাবেই আসলে প্রিপারেশন নিচ্ছি। ছেলেদেরকে রেডি করার চেষ্টা করছি।’

দলের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতাও বড় সম্পদ বলে মনে করেন সোহেল ইসলাম। তরুণদের সঙ্গে তার সম্পর্ক এবং পরামর্শকে গুরুত্ব দিচ্ছেন কোচ।

বাংলাদেশ এইচপি দলে কোচ সোহেল ইসলাম বলেন, ‘রিয়াদ প্রথম সিরিজ আসছেন এবং চমৎকার কাজ করছেন তিনি প্লেয়ারদের সাথে। তার কমিউনিকেশন খুবই ভালো এবং তার এক্সপেরিয়েন্স সে শেয়ার করছে। টেকনিক্যাল বিভিন্ন জিনিস নিয়ে সে ব্যাটিংয়ের কথা বলছে। তো এই ছেলে ছেলেরা আসলে ট্রাস্টের জায়গা আছে।’

নিয়মিত ম্যাচ খেলার সুযোগ বাড়ায় ক্রিকেটারদের বিকাশও ত্বরান্বিত হবে বলে মনে করেন এইচপি কোচ। সাব্বিরের পরিণতিও চোখে পড়েছে তার। তাই পারফরম্যান্সের প্রত্যাশাও আছে এই তরুণকে ঘিরে।

বাংলাদেশ এইচপি দলে কোচ সোহেল ইসলাম বলেন, ‘এ বছরে এতগুলা খেলা একসাথে হচ্ছে এবং অনেক ছেলেদের জন্য খুব ভালো অপরচুনিটি। ম্যাচুরিটি তার বাড়ছে। হ্যাঁ, সে এখন খেলা নিয়ে যেভাবে আগে চিন্তা করত আমি কিভাবে জানি না, তো এখন যেভাবে চিন্তা করছে আসলে ওর এই ম্যাচুরিটিটা অনেক ভালো হয়েছে। তো এইটা ওর পারফরম্যান্সের মধ্যে ইফেক্ট পড়বে।’

এদিকে সামনে অস্ট্রেলিয়া সফরেরও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ডারউইনের কন্ডিশনে ব্যাটারদের পাশাপাশি স্পিনারদের নিয়েও আশাবাদী সোহেল ইসলাম। তবে প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে কাউকে মূল্যায়ন করতে চান না তিনি।

বাংলাদেশ এইচপি দলে কোচ সোহেল ইসলাম বলেন, ‘অস্ট্রেলিয়াতে তো আর মনে আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে। আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ থাকবে, বোলারদের জন্যও আসলে চ্যালেঞ্জ থাকবে।’

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের প্রস্তুতি যাচাইয়ের পাশাপাশি তরুণদের পারফরম্যান্সের দিকেও নজর থাকবে। এরপর অস্ট্রেলিয়া সফর, এইচপি দলের ক্রিকেটারদের জন্য যা হতে পারে নিজেদের প্রমাণের আরও বড় মঞ্চ।

এএম