রাত পোহালেই ফুরাবে দীর্ঘ অপেক্ষা। ২৩ বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর পেছনে নানা সময় নানা কারণ দেখিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই দশকের বিরতিতে টাইগাররা কতটা উন্নতি করেছে এবার সেটাই দেখানোর সেরা সুযোগ বলেই মনে করেন আকরাম খান। এখন টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক জানিয়েছেন, এই সিরিজে ভালো করলে বিশ্ব ক্রিকেটেও নিজেদের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘যেহেতু আমরা ২৩ বছর পর ওখানে যাচ্ছি, তো ২৩ বছরের সাথে এটা তো হিউজ একটা অনেক বড় একটা গ্যাপ। তো আমরা কি আসলেই ডেভলাপ করেছি কিনা, আমাদের ক্রিকেট আগের থেকে এগিয়েছি কিনা সেটা কিন্তু এই এখানকার পারফরম্যান্সে কিন্তু মূল্যায়নটা করা হবে।’
নাহিদ রানার অভাব বোধ করলেও বাংলাদেশের বোলিং লাইনআপ আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় আছে বলেই মত আকরামের। তবে ব্যাটিং বিভাগ নিয়ে হতাশা ঝরেছে তার কণ্ঠে। ভালো ফলাফলের জন্য ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ তার। তবে কাজটা যে সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।
সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘ফাস্ট বোলিং আগের চেয়ে অনেক ভালো হয়েছে। কিছু বলার আছে, ওদের কোয়ালিটি অনেক ভালো। আপনার আগে যেভাবে আমরা স্পিনের উপর নির্ভরশীল ছিলাম সেটা নাই। তো এটা ভালো, তবে ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ, কারণ আমাদের কনসিস্টেন্সি ইজ ভেরি পুওর। আপনার ধারাবাহিকতায় যদি ব্যাটসম্যানরা ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আপনার পারফর্ম করা ডিফিকাল্ট হয়ে যায় বোলার আর ফিল্ডারদের।’
অজিদের বিপক্ষে ভালো করতে চাইলে প্রথম ইনিংসে বড় স্কোর করতে হবে বলে মনে করেন আকরাম খান। এক্ষেত্রে টপ অর্ডারের কাছে আরও দায়িত্বশীল ভূমিকা চান তিনি। স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণ থাকায় দলীয় প্রচেষ্টায় ভালো কিছু সম্ভব বলেও মনে করেন সাবেক অধিনায়ক।
সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘ফার্স্ট ইনিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি ফার্স্ট ইনিংসে আমরা লম্বা ইনিংস খেলতে পারি, তাহলে আমরা ভালো করব। এবং মেক শিওর যে প্রথম যে পাঁচটা ব্যাটসম্যান আছে ওখান থেকে দুইটা ব্যাটসম্যান মিনিমাম লম্বা স্কোর করতে হবে আরকি।’
বাংলাদেশকে আতিথ্য দিলেও গুরুত্বপূর্ণ কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজন করছে না অস্ট্রেলিয়া। ভেন্যু নিয়ে না ভেবে ভালো ক্রিকেটে ফোকাস করতে ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন আকরাম খান।





