দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন
ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে এসেছেন তরুণ মুখ মাহফিজুল ইসলাম রবিন। ডানহাতি ওপেনারের সন্ধানে বিসিবি চার বছর পর ফিরিয়েছে নাঈম শেখকে। সেইসঙ্গে কন্ডিশন বিবেচনায় আছেন ৫ পেসার।

সিলেট টেস্টে বাংলাদেশ যখন ধুঁকছে, তখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণা করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ১৫ সদস্যের এই দলে বিসিবির নির্বাচকরা যেন খুঁজতে চেয়েছেন জাতীয় দলের মিসিং পাজল।

ধাঁধাঁ মেলানোর এই দলে সবচেয়ে বড় সংযুক্তি ডানহাতি ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। টেস্ট দলে শীর্ষ চার ব্যাটারই বাঁহাতি। সাদমানের ইনজুরির কারণে ডানহাতি ওপেনারের ঘাটতি পূরণ করে দলে এসেছেন রবিন।

প্রথমবারের মতো টেস্ট দলে আসার আগে দক্ষিণ আফ্রিকায় সফর করেছেন এ দলের হয়ে। চলতি এনসিএলে সর্বোচ্চ রানও তার। ১০ ইনিংসে ৭৪ এর বেশি গড়ে করেছেন ৬৭২ রান। আছে দুই সেঞ্চুরি আর এক ডাবল সেঞ্চুরি। রবিনকে নিয়ে তাই উচ্চাশা প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

তিনি বলেন, ‘রবিনকে নিয়ে আমরা আসলে প্রথমেই চিন্তা করছিলাম। কারণ আমাদের মনে হয়েছে একজন ডানহাতি ওপেনার প্রডিউস করা দরকার এই মুহূর্তে, আপনারা জানেন। ব্যাসিক্যালি আমাদের হাতে প্রস্তুত কেউ ছিলো না। রবিনকেও আমরা আসলে আরেকটু সময় দিতে চেয়েছিলাম। সে নিজের উন্নতি করেছে।’

আরও পড়ুন:

চার বছর পর টেস্টে দেখা স্কোয়াডে দেখা গেলো নাঈম শেখের নাম। বিকল্প ওপেনার হিসেবেই তাকে নেয়া হচ্ছে সেটাও স্পষ্ট হলো প্রধান নির্বাচকের কথায়।

হাবিবুল বাশার বলেন, ‘তাকে নিয়েছি আমরা, নিশ্চয়ই ভালো করেছেন বলেই। তবে তাকে ব্যক্তিগতভাবে দায়িত্বশীল হতে হবে। অনেক ক্রিকেটার এই সুযোগ নিয়ে কিন্তু বের হয়ে যায়।’

ইনজুরি থেকে নিজেকে ফিট দাবি করলেও নাহিদ রানাকে রাখা হয়নি ১৫ সদস্যের স্কোয়াডে। আফ্রিকান ভূমিতে কন্ডিশন বিবেচনায় আছেন ৫ পেসার। সেইসঙ্গে তাইজুল ইসলামের ফর্মে ফেরার প্রার্থনাও করতে হচ্ছে দলকে।

প্রধান নির্বাচক বলেন, ‘আমার খুব আশাবাদী ওর ফেরার জন্য। ও ৯০ শতাংশ বোলিং করেছে অস্ট্রেলিয়াতে। তাইজুলের ফর্ম নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তবে একইসঙ্গে আমাদের তো ডানহাতি বোলার-ব্যাটসম্যান হিসেবে মিরাজ আছে। সে আমাদের দলের বড় অ্যাসেট। তাই বাহাতি বোলার হিসেবে আমরা তাইজুলের ওপর ভরসা রাখতে চাই।’

১৫ সদস্যের এই দল নিয়ে সন্তুষ্ট হলেও প্রধান নির্বাচক হাবিবুল বাশারের প্রত্যাশা, অন্তত ইনজুরি থেকে মুক্ত থেকে পুরো সফর শেষ করবে বাংলাদেশ।

এসএইচ