টেস্ট ক্রিকেট মানেই সাদা পোশাক, লাল বল আর পাঁচ দিনের লড়াই। রোদ ঝলমলে দিনে লাল বলে দ্বৈরথ ক্রিকেট ভক্তদের উপভোগের বিষয়। তবে সেখানে অতীত বা সাম্প্রতিক সময়ে বারবার বাধ সেধেছে আবহাওয়া। আলোক-স্বল্পতার কারণে খেলা বন্ধ থাকার অভিজ্ঞতা নতুন নয়।
এখানেই সমাধান হয়ে আসতে পারে গোলাপি বল। বিশেষ করে দিবারাত্রির টেস্ট চালু হওয়ার পর বদলে গেছে ক্রিকেটের চেনা দৃশ্যপট। প্রশ্ন উঠছে, শুধু দিনের ম্যাচেও গোলাপি বল ব্যবহারে টেস্ট ক্রিকেট আরও আকর্ষণীয় হবে কিনা?
এই ধারণাকে বাস্তবে যাচাই করতে চলতি বছরের জুনে দিনের টেস্টে গোলাপি বল পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদনও দিয়েছে আইসিসি। তবে এক্ষেত্রে দুই দলকেই ম্যাচ শুরুর আগে সম্মত হতে হবে। ম্যাচের মাঝে বল পরিবর্তনের কোনো সুযোগ রাখা হয়নি।
প্রচলিত লাল বলের বদলে গোলাপি বল ব্যবহারের মূল যুক্তি, এতে মেঘলা আবহাওয়া কিংবা বিকেলের স্বল্প আলোয় খেলা চালিয়ে যাওয়ার সুযোগ বাড়তে পারে। এতে ওভার নষ্ট কমবে, বাড়বে দর্শকের খেলা দেখার সময়। সম্প্রচারকারীরাও পেতে পারেন বাড়তি সুবিধা।
কিন্তু বিপরীত যুক্তিও আছে। গবেষণায় দেখা গেছে, দিনের আলোয় পিচের রঙের কারণে গোলাপি বল দেখা কিছুটা কঠিন। আবার পুরোনো বলের দৃশ্যমানতাও দ্রুত কমে যায়। ব্যাটারদের জন্য বল শনাক্ত করা কঠিন হলে খেলার ন্যায্যতায় তা ফেলতে পারে বড় প্রভাব। সেই সঙ্গে আছে ক্রিকেটীয় ঐতিহ্য ধরে রাখার ভাবনা।
আর এ কারণেই দিনের টেস্টে সহসাই গোলাপি বলের ব্যবহার দেখার সম্ভাবনা কম। বরং ভিন্ন ভিন্ন ভেন্যু, আবহাওয়া ও আলোর পরিস্থিতিতে নানারকম পরীক্ষা এবং ম্যাচের পরিসংখ্যান বিশ্লেষণই বলে দেবে- এটি টেস্ট ক্রিকেটের সময় বাঁচাবে, নাকি বাড়াবে নতুন বিতর্ক। ঐতিহ্য আর আধুনিকতার এই দ্বৈরথে শেষ কথা বলবে সময়ের প্রয়োজনীয়তা।





