মিরপুরে প্রথম ইনিংসে সম্ভাবনা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। সাদমান ইসলামের সেঞ্চুরির পরও ২৭২ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে অল্পে গুটিয়ে যাওয়া টাইগাররা ম্যাচ হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের ভুলগুলো নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, ব্যাটিং সামর্থ্যের পুরোটা কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র হতে পারত ভিন্ন।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা ফার্স্ট ইনিংসে ব্যাকফুটে চলে গিয়েছি। মিসটেকটা সেখানেই ছিলো। বড় করলে ইনিংসটা ডিফারেন্ট হতো। আমাদের যে ব্যাটিং আছে, আরও ভালো হ্যান্ডেল করতে পারতাম।’
উইকেট নিয়েও উঠেছে প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজের স্পিন দুর্বলতা বিবেচনায় নিয়ে উইকেট প্রস্তুত করা হলেও নিজেদের কন্ডিশন বুঝতেই ভুল হয়েছে বলে মনে করছেন শান্ত। যে কারণে প্রত্যাশিত সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এ ধরনের উইকেটে ভালো কম্পিটিশন ছিলো। উইন্ডিজের উইকনেস বিবেচনা করেই উইকেট বানানো হয়েছিল। কন্ডিশন বুঝতে ভুল হয়েছিল।’
তবে ম্যাচ বাঁচানোর সুযোগ ছিলো চতুর্থ ইনিংসেও। ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলতে প্রয়োজন ছিলো নিয়ন্ত্রিত বোলিং। কিন্তু লাইন-লেন্থ ঠিক রাখতে না পারায় প্রতিপক্ষের ব্যাটারদের আটকে রাখা যায়নি। বোলিং পারফরম্যান্স নিয়েও তাই আত্মসমালোচনা অধিনায়কের কণ্ঠে।
অধিনায়ক শান্ত বলেন, ‘ডিফেন্ড করা সম্ভব ছিলো। আমরা ভালো বল করিনি। লেন্থ পিক করতে পারিনি।’
ব্যাটিং, পরিকল্পনা কিংবা বোলিং সব বিভাগেই ভুলের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। এসব থেকে শিক্ষা নিয়ে সিলেটে পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন শান্ত।





