ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর সম্ভাবনা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার আগে ডিসেম্বরে শুরু হবে থার্ড ডিভিশন। ১২ দল নিয়ে প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তুতি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
লিগকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা রয়েছে সিসিডিএমের। তবে এ বিষয়ে এখনো ক্লাবগুলোর সঙ্গে বসা হয়নি। অংশগ্রহণ ফিও আপাতত অপরিবর্তিত রাখার পরিকল্পনা।
সিসিডিএম চেয়ারম্যান মাঈন উদ্দিন বলেন, ‘কোন মেথডে আমাদের খেলা হবে সেগুলা নিয়ে বসার পরে দল গোছানোর ব্যাপার আসবে। এখনি দল গোছানোর ব্যাপারে ওরাও আমার মনে হয় না মানুষিকভাবে প্রস্তুত। খেলাগুলোকে কতটা জনপ্রিয় করা যায়? মানে যেহেতু এখানের মধ্যে এই যে আমরা ফরেন প্লেয়ারের কথা কেন বলতেছি? ফরেন প্লেয়ার থাকবে পাশাপাশি যখন ন্যাশনাল টিমের প্লেয়ারগুলো ওখানে যেহেতু খেলছে।’
আরও পড়ুন:
এখানে ফেব্রুয়ারিতে লিগ শুরুর পরিকল্পনা, ক্লাবগুলোর সঙ্গে আলোচনা ও বিদেশি ক্রিকেটার নিয়ে তাঁর বক্তব্য বসবে।
আম্পায়ারিং নিয়েও রয়েছে আলোচনা। গত আসরের ১৫১ ম্যাচের মধ্যে দুই-তিনটি ম্যাচে ভুল সিদ্ধান্তের অভিযোগ থাকলেও ম্যাচ পাতানো কিংবা অনৈতিক কর্মকাণ্ডের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি সংশ্লিষ্টদের।
তিনি বলেন, ‘১৫১টি ম্যাচের ভিতরে দুই-তিনটি খেলা নিয়ে শুধু কথা উঠছে। সেখানে কি দেখা যাচ্ছে যে ভুল করছে, আম্পায়ার ভুল করছে। অন্যায় করছে কোনো ধরনের মানে দোষ করছে এরকম কোনো কিছু কিন্তু কেউ বলতে পারবে না। আমার মনে হয় না কেউ বলতে পারবে।’
এদিকে লিগের জনপ্রিয়তা বাড়াতে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ভাবনা রয়েছে। অন্তত পাঁচটি মাঠে খেলা আয়োজনের পরিকল্পনাও করছে সিসিডিএম। এব্যাপারে প্রয়োজনীয় মৌলিক সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিবি।
সব মিলিয়ে ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর লক্ষ্য সামনে রেখে এখন প্রস্তুতির পালা। তবে পরিকল্পনাগুলো বাস্তবে কতটা কার্যকর হয়, সেই সদুত্তরের অপেক্ষা।




