এ যেন মাঠে খেলা গড়ানোর আগেই মনস্তাত্ত্বিক লড়াই। বাংলাদেশ হেডকোচ থমাস ডুলি রোববার সন্ধ্যায় হাজির হয়েছেন শ্রীলঙ্কার ম্যাচ দেখতে। আর নিজের ম্যাচ শেষে লঙ্কান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি খোঁচা দিলেন বাংলাদেশকে। ১১ তারিখের খেলা মাঠে গড়ানোর আগেই বলতে গেলে শুরু কথার লড়াই।
আরও পড়ুন:
অবশ্য আব্দুল্লাহ আল মুতাইরি বাংলাদেশকে উসকে দিতে চেয়েছেন সাফের শুরু থেকেই। টুর্নামেন্টের আগে সংবাদ সম্মেলনে কিউবা মিচেল এবং হামজা-ফারহানদের নিয়ে কথা বলেছেন তিনি। হামজার চেয়েও ফারহান আলী ওয়াহিদকে এগিয়ে রেখে মনস্তাত্ত্বিক লড়াইয়ের বার্তাও দিয়েছেন এই কোচ।
হেড কোচ থমাস ডুলিও সেই চাপ সামাল দিতেই যেন হাজির শ্রীলঙ্কার ম্যাচ দেখতে। নিজের পরের ম্যাচের প্রতিপক্ষ তো বটেই, সাম্প্রতিক সময়ে ফর্মে থাকা শ্রীলঙ্কা এবারের আসরের সবচেয়ে বড় ডার্কহর্স। প্রতিপক্ষকে দেখার সুযোগ হেলায় হারাতে চান না ডুলি।
আর সেটারই যেন শোধ নিলেন মুতাইরি। ম্যাচ শেষে সরাসরিই বললেন, বাংলাদেশকে ফাইনালে তুলতে কাজ করছে সাফ। বাণিজ্যিক স্বার্থেই নাকি সাফের এমন অদ্ভুত চেষ্টা। এমনকি আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচকে সাফের ইতিহাসেই সবচেয়ে বড় ম্যাচ বলতেও ছাড়েননি এই কোচ।
আরও পড়ুন:
এর আগেও অবশ্য নিজেকে এমন আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করে গেছেন আব্দুল্লাহ আল মুতাইরি। মালদ্বীপের কোচ হয়ে বাংলাদেশে এসে একাধিকবারই উসকে দিতে চেয়েছিলেন স্বাগতিকদের। ২০২৩ সালে প্রীতি ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ফুটবলারদের মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইশারা করেও আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। এবার মুতাইরির দাবার চাল বাংলাদেশের ফুটবলারদের মানসিক চাপে ফেলে কি না, সেটাই দেখার বিষয়।





