৭২০ রান ভারতের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৭০৭ রান। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে দলটি।
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে কোনো দলের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও এখন ভারতের দখলে। ১৯৯৫ সালে ওয়েলিংটনেই ওয়েস্ট ইন্ডিজের করা ৬৬০ রান ছিল আগের সর্বোচ্চ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডও ভেঙেছে ভারত। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের করা ৭১৫ রানকে ছাড়িয়ে গেছে তারা।
টেস্টে পঞ্চমবারের মতো ৭০০ বা তার বেশি রান করলো ভারত। এ তালিকায় তাদের ওপরে আছে শুধু শ্রীলঙ্কা, সাতবার। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ চারবার করে ৭০০ রানের মাইলফলক পেরিয়েছে। পাকিস্তান দুবার এবং নিউজিল্যান্ড একবার এই কীর্তি গড়েছে।
এবারের ইনিংসে আরও একটি নজির গড়েছে ভারত। প্রথম সাত উইকেটের প্রতিটি পতনের আগে অন্তত ৫০ রানের জুটি গড়েছেন ব্যাটাররা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে প্রথম সাত উইকেটের প্রতিটি জুটিতে ৫০ বা তার বেশি রান ওঠার ঘটনা এটিই প্রথম।
এক ইনিংসে সাতটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ার ঘটনা টেস্টে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫-২৬ অ্যাশেজের সিডনি টেস্টে অস্ট্রেলিয়াও সাতটি এমন জুটি গড়েছিল। সর্বোচ্চ আটটি পঞ্চাশোর্ধ্ব জুটির রেকর্ডও ভারতের। ২০০৭ সালে দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে সেই কীর্তি গড়েছিল তারা।
এছাড়া ভারতের প্রথম পাঁচ ব্যাটারের প্রত্যেকেই করেছেন অন্তত ৮০ রান। টেস্টে দ্বিতীয়বারের মতো কোনো দলের প্রথম পাঁচ ব্যাটারের সবাই ৮০ বা তার বেশি রান করলেন। এর আগে ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৫৬৬/৩ রানের ইনিংসে এমন নজির দেখা গিয়েছিল।
ব্যক্তিগত অর্জনে সবচেয়ে বেশি আলোচনায় ঋষভ পন্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলার পথে ছক্কা মেরে টেস্টে তার মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১০৮। ব্রেন্ডন ম্যাককালামের ১০৭ ছক্কার রেকর্ড ছাড়িয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। তার ওপরে আছেন কেবল ইংল্যান্ডের বেন স্টোকস, ১৩৮ ছক্কা নিয়ে।
এক ইনিংসে ভারতের ১৪টি ছক্কাও উল্লেখযোগ্য কীর্তি। টেস্টে এক ইনিংসে এটি তাদের যৌথ তৃতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ১৪টি ছক্কা মেরেছিল ভারত। ২০২৪ সালে রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে ১৮টি এবং ২০০৯ সালে ব্রাবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫টি ছক্কা মেরেছিল দলটি।
টেস্টে নবম সেঞ্চুরি করে উইকেটরক্ষক হিসেবে শতকের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন পন্ত। ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের লেস অ্যামসকে। এই তালিকায় তার ওপরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (১৭) ও জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১২)।
দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—চার দেশেই টেস্ট সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় ব্যাটার হয়েছেন পন্ত। এর আগে এই কীর্তি গড়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে চার দেশেই উইকেটরক্ষক হিসেবে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার পন্ত।
অন্যদিকে, বল হাতে দুঃসহ একটি দিন কাটিয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। ৩৩ ওভারে ২০১ রান খরচ করে টেস্টে এক ইনিংসে নিউজিল্যান্ডের কোনো বোলারের দ্বিতীয় সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়েছেন তিনি। ১৯৮৯ সালে অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে স্টিফেন বুকের দেয়া ২২৯ রান এখনো এই তালিকার শীর্ষে।
ডাফির ইকোনমি রেট ছিল ৬.০৯। টেস্ট ইতিহাসে এক ইনিংসে ২০০-এর বেশি রান খরচ করে ওভারপ্রতি ছয়ের বেশি রান দেয়ার ঘটনা এটি দ্বিতীয়বার। এর আগে ২০২২ সালে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের জাহিদ মাহমুদ ৩৩ ওভারে ২৩৫ রান দিয়েছিলেন।
ব্যাট হাতে হতাশার দিন গেছে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামেরও। দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। দুইবারই প্রথম ওভারে যশপ্রীত বুমরার শিকার হন এই ওপেনার। টেস্টে দুই ইনিংসে জোড়া শূন্যের শিকার হওয়া নিউজিল্যান্ডের তৃতীয় অধিনায়ক লাথাম। এর আগে ১৯৫৬ সালে হ্যারি কেইভ এবং ১৯৯৭ সালে স্টিফেন ফ্লেমিং এই বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন।
টেস্টে নিউজিল্যান্ডের কোনো ওপেনারের জোড়া শূন্যের ঘটনা এটি অষ্টমবার। ভারতের বিপক্ষে দ্বিতীয়বার। এর আগে ২০১০ সালে আহমেদাবাদে টিম ম্যাকিনটোশ দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন।
দুই ইনিংসেই প্রথম ওভারে উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন বুমরাও। টেস্টের দুই ইনিংসের প্রথম ওভারেই উইকেট নেয়া তৃতীয় ভারতীয় বোলার তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন শ্রীশান্ত ও জহির খান। ২০০৬ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংসের প্রথম ওভারে ক্রিস গেইলকে ফিরিয়েছিলেন শ্রীশান্ত। আর ২০০৭ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসের প্রথম বলেই জাভেদ ওমরকে আউট করেছিলেন জহির খান।





