৯৯.৫ শতাংশ ভোটে রিয়ালের পরিচালনা পর্ষদে নাদাল

২০১১ সাল থেকে রিয়ালের সম্মানসূচক সদস্য হিসেবে থাকা নাদাল এবার সরাসরি ক্লাবের পরিচালনায় যুক্ত হলেন।
ফুটবল
এখন মাঠে
0

টেনিস কোর্টের কিংবদন্তি এবার ফুটবল ক্লাবের পরিচালনায়। বিপুল ভোটে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। ক্লাবের বিশেষ সাধারণ সভায় ৯৯.৫ শতাংশ সদস্যের সমর্থন পেয়েছেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী এই কিংবদন্তি।

সিউদাদ রিয়াল মাদ্রিদের বাস্কেটবল প্যাভিলিয়নে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সরাসরি ও অনলাইনে ভোট দেন সদস্যরা। মোট ১ হাজার ৭১৩টি ভোটের মধ্যে নাদালের পক্ষে পড়ে ১ হাজার ৭০৪টি। বিপক্ষে ভোট দেন মাত্র চারজন। ভোটদানে বিরত থাকেন পাঁচজন।

নিয়োগ অনুমোদনের পর উপস্থিত সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানান নাদালকে। ক্লাবের গঠনতন্ত্রের ৪৬ নম্বর ধারা অনুযায়ী তার নিয়োগ চূড়ান্ত হয়। ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য হিসেবে যুক্ত থাকা নাদাল এবার সরাসরি ক্লাবের পরিচালনার দায়িত্ব পেলেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি এর গুরুত্বও তুলে ধরেছেন নাদাল। তার মতে, রিয়াল মাদ্রিদ শুধু একটি ফুটবল ক্লাব নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এবং মানুষকে একত্রিত করার একটি প্রতিষ্ঠান।

নাদাল বলেন, ‘রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদের অংশ হওয়া অনেক বড় দায়িত্ব। এই ক্লাব প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং মানুষকে একত্রিত করে। আমার ক্ষেত্রেও পরিবার ও বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখার মাধ্যমে ক্লাবটি আমাদের এক সুতোয় বাঁধে। এটা আমার জন্য অসাধারণ আনন্দের এবং বড় তৃপ্তির বিষয়।’

তিনি আরও বলেন, ‘আমি দায়িত্বের গুরুত্ব সম্পর্কে খুব সচেতন, কারণ রিয়াল মাদ্রিদ একটি বৈশ্বিক ব্র্যান্ড। এই দায়িত্বের কোনো সীমা নেই। আমি আশা করি, এই দায়িত্ব পালন করতে গিয়ে শিখতে পারব এবং অবদান রাখতে পারব, যাতে ক্লাবটি বিশ্বের সেরা হয়ে থাকতে পারে।’

নাদালের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিত্ব ও আচরণের কারণেও নাদাল মানুষের শ্রদ্ধা অর্জন করেছেন বলে মন্তব্য করেন তিনি।

পেরেজ বলেন, ‘আজ আমাদের ক্লাবের জন্য বিশেষ একটি দিন। ব্যক্তিগতভাবেও রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দিনটি আমার কাছে বিশেষ। আমাদের জন্য আরও একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণ, রাফা আমাদেরই একজন। তিনি রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য, এই রংগুলোকে গভীরভাবে অনুভব করেন এবং সবসময় গর্বের সঙ্গে তার মাদ্রিদিসমো প্রকাশ করেছেন।’

বর্ণাঢ্য টেনিস ক্যারিয়ারে ৯২টি শিরোপা জিতেছেন নাদাল। এর মধ্যে রয়েছে ২২টি গ্র্যান্ড স্লাম, দুটি অলিম্পিক স্বর্ণপদক ও পাঁচটি ডেভিস কাপ শিরোপা। পেরেজের বিশ্বাস, নাদালের অভিজ্ঞতা ও ব্যক্তিত্ব পরিচালনা পর্ষদে নতুন মাত্রা যোগ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিয়াল মাদ্রিদকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

নতুন দায়িত্বে ক্লাবের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় জানিয়েছেন নাদালও। তিনি বলেন, ‘আমি কাজ করব, যাতে সবকিছু আগের মতোই থাকে। একটি সফল ক্লাব, যে ক্লাব আগামী বছরগুলোতেও সফল থাকবে।’

বক্তব্যের শেষেও নিজের প্রিয় ক্লাবের প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি এই টেনিস কিংবদন্তি। তার কণ্ঠে ছিল সেই পরিচিত স্লোগান—‘হালা মাদ্রিদ!’

এফএস