দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের দুটি টেস্টেই বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ। বিশেষ করে সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। বাংলাদেশের হারের চেয়ে বড় প্রশ্ন উঠছে খেলোয়াড়দের অ্যাপ্রোচ নিয়ে।
পুরো সিরিজেই ব্যর্থ ছিলেন ব্যাটাররা। প্রথম টেস্টের প্রথম ইনিংস বাদ দিলে ব্যাট হাতে ন্যূনতম দাপটও দেখাতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটারদের আউট হওয়ার ধরণ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মুশফিক বাবু।
তিনি বলেন, ‘ভালো ও স্বীকৃত ব্যাটাররা যদি পারফর্ম না করে, তারা যদি ১৫-২০ রানের মধ্যে আউট হয়ে যায় এবং আমরা যেভাবে আউটি হয়েছি এটা আসলেই দুঃখজনক। কারণ, ব্যাটাররা সেট হয়ে আউট হয়েছে বা এমন বাইরের বল খেলে আউট হয়েছে, যেটা খেলারই দরকার ছিলো না। আপনি সেদিক থেকে সাউথ আফ্রিকার খেলোয়াড়দের দেখেন যে, তারা কীভাবে খেলে আর আমরা কীভাবে খেলি। এখানে ডিফারেন্সটা অনেক বেশি। তবে তাদের থেকে আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি।’
সিরিজে তাওহীদ হৃদয় ও লিটন দাস ছাড়া আর কেউই বড় স্কোরের দেখা পাননি। অভিজ্ঞ মুমিনুল-মুশফিক বা শান্ত-জাকের, সবাই করেছেন হতাশ। ধারাবাহিকতার অভাব বাংলাদেশকে বেশি ভোগাচ্ছে বলেই মনে করেন মুশফিক।
মুশফিক বাবু বলেন, ‘আপনি এক ম্যাচে খেলবেন, ৭ ম্যাচে নেই— সেই সাত ম্যাচে খেলবে কে? এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, যার কারণে আমরা এক ইনিংসে হয়তো ৪০০ করছি, পরের ইনিংসে কম রানের মধ্যে অলআউট হয়ে যাচ্ছে। টেস্টে প্রথম ইনিংসে ১০০ রানের নিচে অলআউট হলে পরের ইনিংসে তো আপনি ম্যাচে ফিরতে পারবেন না।’
বাংলাদেশের বোলিং নিয়েও উঠছে প্রশ্ন। প্রথম টেস্টে হাসান মাহমুদ ছাড়া আর কেউ সেভাবে আলো ছড়াতে পারেননি। দ্বিতীয় টেস্টে ৪ পেসার খেলিয়েও কাজ হয়নি। শুধু দুই-একজনের ওপর নির্ভর না করে বোলারদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান সাবেক এ ক্রিকেটারের। সেইসঙ্গে ফিল্ডিং নিয়েও ছিলো আক্ষেপ।
সাবেক ক্রিকেটার মুশফিক বলেন, ‘নাহিদ বা হাসান নির্ভর হয়ে গেলে বিপদ। আমি যখন খেলবো, তখন আমিই নাহিদ বা আমিই হাসান—সেভাবে খেলতে হবে। নিজেকে প্রমাণ করতে হলে আপনাকে উইকেট নিতে হবে। বোলারদেরকে ফিল্ডারদের সাহায্য করতে হবে। আপনারা দেখে থাকবেন, আমরা অনেকগুলো ক্যাচ মিস করেছি; এগুলো অপ্রত্যাশিত। একটা বোলার যখন টেস্ট ক্রিকেটে অনেক কষ্ট করে, প্রেশার ক্রিয়েট করে একটা উইকেট নেয়ার চেষ্টা করে; তখন যদি আমরা ক্যাচটা ছেড়ে দেই, সেক্ষেত্রে ব্যাপারটা কঠিন হয়ে যায়।’
টেস্ট সিরিজে হতাশ করলেও আসন্ন ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা মুশফিক বাবুর।





