সুনামগঞ্জ সীমান্তে নাইট ভিশন ও থার্মাল ড্রোনে বিজিবির নজরদারি জোরদার

সুনামগঞ্জ
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
এখন জনপদে
0

সুনামগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ব্যবহার করছে বাহিনীটি। পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও বিশেষ যানবাহনের মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে।

আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করছে। সেই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

এমনকি সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সরঞ্জাম বাড়ানো হচ্ছে। এছাড়া নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের ব্যবহার করা হচ্ছে। নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় বিভিন্ন নৌযান এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি) দিয়ে টহল পরিচালনা করা হচ্ছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।’

এসএস