উন্মাদনার রং ছড়ানোর অপেক্ষায় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’

দর্শকভর্তি একটি স্টেডিয়ামের ছবি
ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপের এবারের আসরের দূরত্ব আর মাত্র কয়েক দিনের। উত্তর মহাদেশে আটলান্টিক পাড়ের তিন দেশে গড়াবে এবারের আসরটি। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে সজ্জিত এ আসর প্রস্তুত বহু রেকর্ডের সাক্ষী হতে। পরিসংখ্যান ও ইতিহাসের পাতা ঘাটলে উঠে আসে এমনই কিছু চমকপ্রদ তথ্য। তাহলে কেমন হতে চলেছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর এবারের মহাযজ্ঞ?

চার বছরের অপেক্ষা; ৪৮টি স্থানের জন্য বিশ্বের ২০১ দেশের লড়াই শেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা যখন মাঠে গড়াবে বিশ্বমানচিত্রের বিভিন্ন স্থানের ফুটবল ভক্তদের এক সুতোয় বাঁধা সেই শিরোপার লড়াই। কখনো কখনো যোগ্যতা অর্জনই হয়ে ওঠে জাতীয় উৎসবের বড় প্রতীক। ইরাক, কেপ ভার্দে, কঙ্গো প্রজাতন্ত্রের মতো দেশগুলোতে বিশ্বকাপ হাজির হচ্ছে বর্ণিল এক অধ্যায় হয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটি থেকে ফুটবল সৌন্দর্য্য এবার রং ছড়াবে পুরো বিশ্বে।

এবারই প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে তিন ভিন্ন দেশে। এর আগে, ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া ছিল যৌথ আয়োজক; এবার সেই সংখ্যা বেড়ে হলো তিন। সেইসঙ্গে আরও কিছু ‘প্রথমের’ সাক্ষী হবে ফিফা বিশ্বকাপের এ আসর। প্রথমবার বিশ্বকাপে থাকছে ৪৮ দেশ। এতে ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৪- এ।

আরও পড়ুন:

এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে চলেছে মেক্সিকো। প্রথম দেশ হিসেবে তিনটি বিশ্বকাপ আসরের আয়োজক হতে চলেছে তারা। ১৯৭০ এবং ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপের আয়োজন করবে তারা। আর বিখ্যাত অ্যাজটেকা প্রথম স্টেডিয়াম হিসেবে আয়োজন করবে তিনটি ভিন্ন বিশ্বকাপ আসরের ম্যাচ।

বিশ্বকাপ চলবে ৩৯ দিন। টুর্নামেন্টের ৯৬ বছর এবং ২৩ আসর মিলিয়ে সবচেয়ে বড় আসর হতে চলেছে এবারেই। আর এবারের বিশ্বকাপ দিয়ে অভিষেক হচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তানের। আর সব বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ড ধরে রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল ব্রাজিল।

বিশ্বকাপের মোট ভেন্যু থাকছে ১৬টি। অ্যাজটেকা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ; আর প্রেস্টিজিয়াস ফাইনালের দায়িত্ব পাচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে সবচেয়ে বেশি দর্শকের বিশ্বকাপ হতে চলেছে এই আসরটি।

উল্লেখ্য, আগামী ১২ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপ মহারণের। এরপর ২০ জুলাই আসরটির ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে।

জেআর