ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়

ময়মনসিংহ
বিজয়ী আইনজীবীরা
এখন জনপদে
0

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব পদে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা। সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন তারা।

এতে সভাপতি পদে অ্যাডভোকেট মো. নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল বিজয়ী হন।

আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা আইনজীবী আবু রেজা মো. ফজলুল হক বাবলু।

এসময় বিজয়ী প্রার্থীদের কর্মী ও সমর্থকরা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে সমিতির ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে এক হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন:

এরপর রাতভর ভোট গণনা শেষে শুক্রবার ঘোষিত ফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-এনসিপি জোট সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১১ ভোট।

সাধারণ সম্পাদক পদে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রার্থী এটিএম মাহবুব উল আলম পেয়েছেন মাত্র ৬০ ভোট।

এছাড়াও বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন— সহ-সভাপতি পদে মীর এমরান আলী পাপেল ও একেএম মইনুল হোসেন মিলন, সহ-সম্পাদক পদে সজীব সরকার রোকন, মোহাম্মদ আসাদুজ্জামান খান (জামান) ও রাইসুল ইসলাম, অডিটর পদে মোহাম্মদ শরিফুল ইসলাম সোহাগ, কার্যকরী সদস্য পদে সাবিকুন্নাহার লিপি, রিয়াদ মো. সাঈদ, রেজাউল কিবরিয়া (সোহাগ মন্ডল), মো. শাহীন আলম, জায়েদ বিন খলিল, মোহাম্মদ আলী ও সামির আল রশিদ বিপ্লব।

এসএস