বিশ্বকাপে পানির বোতল নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করলো ফিফা

ফিফা ওয়ার্ল্ড কাপের পোস্টার
ফুটবল
এখন মাঠে
0

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। তবে মাঠের লড়াই শুরুর আগেই নতুন এ সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

বিশ্বকাপ দেখতে স্টেডিয়ামে গেলে এবার আর বাইরে থেকে সঙ্গে নেয়া যাবে না পানির বোতল। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আগে খালি ও স্বচ্ছ প্লাস্টিকের বোতল বহনের অনুমতি থাকলেও, নতুন আইনে তা বাতিল করা হয়েছে। শুধু বোতল নয়, কাপ, ক্যান কিংবা জারের মতো বস্তু বহনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফিফার মতে, হঠাৎ এসব কেউ ছুঁড়ে মারলে খেলোয়াড় কিংবা দর্শকদের আহত হওয়ার ঝুঁকি থাকে। আবার বোতলে বিভিন্ন কোম্পানির লোগো বা মোড়ক থাকায় স্পন্সর বা বিজ্ঞাপনজনিত ইস্যু থাকতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুন

তবে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। কারণ বিশ্বকাপের বেশ কয়েকটি ভেন্যুতে তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। দীর্ঘসময় বাইরে অবস্থান বা হাঁটাচলার সময় পর্যাপ্ত পানি পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।

তবে ফিফা আশ্বস্ত করেছে, দর্শকদের জন্য থাকবে বিশেষ তাপপ্রতিরোধ ব্যবস্থা। স্টেডিয়ামের আশপাশে রাখা হবে হাইড্রেশন স্টেশন, মিস্টিং জোন, কুলিং টেন্ট এবং বিশ্রামের ব্যবস্থা।

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ। ৪৮ দলের এ আসরে এবার অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত বলে দাবি ফিফার। তবে গরম আবহাওয়ায় দর্শকদের স্বস্তি নিশ্চিত করতে আয়োজকদের ব্যবস্থাগুলো কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর ফুটবল বিশ্বের।

জেআর