মেসি-রোনালদো নন, সুপার কম্পিউটারের চোখে বিশ্বকাপ জয়ের ফেভারিট ইয়ামাল-এমবাপ্পেরা!

মেসি-রোনালদো-ইয়ামাল-এমবাপ্পে
ফুটবল
এখন মাঠে
0

ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা নেইমারের চেয়ে বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন মহাতারকাই সবচেয়ে বড় নাম নন। বিশ্বকাপের দৌড়ে তার দলের চেয়েও এগিয়ে আছেন ইয়ামাল-এমবাপ্পেরা। বিশ্বকাপ শুরুর মাত্র দিন ছয়েক আগে এমনই এক সম্ভাবনার কথা জানিয়েছে ফুটবলের নামী সংস্থা অপ্টার সুপার কম্পিউটার।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দাবি, সারাবিশ্বে অন্তত ১০ লাখ ফুটবলার পেশাদার ফুটবল খেলেন। যাদের প্রত্যেকের স্বপ্ন একবার নিজ দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার। কখনো কখনো বিশ্বকাপ খেলতে পারার আকুতিই বড় হয়ে উঠে অনেক বেশি। ২০২৬ বিশ্বকাপে তেমন সৌভাগ্য আছে ১ হাজার ২৪৮ জনের।

তবে এদের মাঝে কেবল একটি দল পাবে বিশ্বকাপ জয়ের অমূল্য স্মৃতির দেখা। আর সেই তালিকায় সবচেয়ে বড় ফেভারিট ইউরোপের দেশ স্পেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নরা মেটলাইফে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা বুঝে পাবে, এমনটাই দাবি করছে ফুটবল পরিসংখ্যান বিষয়ক সংস্থা অপ্টা। তাদের সুপারকম্পিউটারের গণনা বলছে, পেদ্রি-ইয়ামালদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬ দশমিক ১৮ শতাংশ। লা রোহারা সেমিফাইনাল খেলবে সেই সম্ভাবনাও ৪০ শতাংশের কাছাকাছি।

অপ্টার গণনা অনুযায়ী, সেমিফাইনালের জন্য বাকি তিন ফেভারিট ফ্রান্স, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। শিরোপা জয়ের ক্ষেত্রেও পরের তিন ফেভারিট তারাই। এমবাপ্পে-অলিসেদের ফ্রান্স বিশ্বকাপ জিতবে এমন সম্ভাবনা ১৩ দশমিক ০১ শতাংশ। ইংল্যান্ডের বেলায় সেটা ১১ দশমিক ২২ শতাংশ আর আর্জেন্টিনার হয়ে মেসির দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১০ দশমিক ২৯ শতাংশ।

অপ্টার এমন সম্ভাব্যতার পরিসংখ্যানে বিষাদ আসতে পারে ব্রাজিল কিংবা পর্তুগালের ভক্তদের। ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের প্রথম বিশ্বকাপ জিতবে এমন সম্ভাবনা মোটে ৬ দশমিক ৫৮ শতাংশ। আর ব্রাজিলের ঘরে শিরোপা যাবে, সেই সম্ভাবনা ৬ শমিক ৫৩ শতাংশ। এছাড়া বিশ্বকাপ জয়ে ৫ শতাংশের ঘরে জার্মানির সম্ভাবনা।

ইএ