ফাইনালে ভারতের বিপক্ষে আক্রমণাত্মক বাংলাদেশের লক্ষ্য শিরোপা

অনুশীলনে ব্যস্ত নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

চলমান সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে ভিন্ন গল্প লিখতে চায় বাংলাদেশ নারী দল। শিরোপার লড়াইয়ে আক্রমণাত্মক মানসিকতা দেখতে চান দলের কোচ পিটার বাটলার। অধিনায়ক মারিয়া মান্দার কণ্ঠেও হাল না ছাড়ার বার্তা।

নারী সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের এবারের লক্ষ্য হ্যাট্রিক শিরোপা। আর তা অর্জনেই সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের দল।

সাফের গেল ২ আসরে দাপট দেখালেও এবার চেনা ছন্দে নেই বাংলাদেশ। গ্রুপপর্বের দেখায় ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল পিটার বাটলারের শিষ্যরা। যদিও, ফাইনালের লড়াই ভিন্নরকম হবে বলেই বিশ্বাস বাংলাদেশ দলের কোচের। টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম না করা স্বাগতিকদের বিপক্ষে আক্রমণাত্মক মানসিকতা চান তিনি।

সেমিফাইনালে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। শিরোপা জয়ের সুযোগ পাওয়ায় সেটি কাজে লাগাতে চান দলের অধিনায়ক মারিয়া মান্দা। শক্তির দিক থেকে ভারতকে এগিয়ে রাখলেও লড়াইয়ের প্রত্যাশা তার কণ্ঠে।

সাফে হ্যাট্রিক ট্রফি উঁচিয়ে ধরার ঐতিহাসিক লক্ষ্য পূরণে পুরো দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ইএ