শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে একজন দুর্দান্ত যোদ্ধা ও লড়াকু ব্যক্তিত্ব ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি পদের প্রস্তাব দেয়া হয়েছে।’ পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, তিনি হোয়াইটকে তার ‘সহকারী’ হিসেবে ছয়জন ইউএফসি যোদ্ধাকেও সঙ্গে নিয়ে আসার অনুরোধ করেছেন। ‘উন্মাদ বামপন্থিদের’ হাত থেকে প্রশাসনের অবস্থান তুলে ধরতে তাদের প্রয়োজন দাবি করে ট্রাম্প লেখেন, ‘ডানা এমন একজন প্রেস সেক্রেটারি হবেন যার কোনো তুলনা নেই। ডানা, অনুগ্রহ করে পদটি গ্রহণ করুন!’
ট্রাম্পের এক সহকারী দাবি করেছেন, এই প্রস্তাবটি নিছকই রসিকতা ছিল। তবে ক্যারোলিন লেভিট পদত্যাগ করার পর এবং মাত্র পাঁচ দিন দায়িত্ব পালনের মাথায় কেটি জাখারিয়া বরখাস্ত হওয়ার পর থেকে একজন নতুন প্রেস সেক্রেটারি খুঁজতে ট্রাম্প বেশ চাপে রয়েছেন। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ ও তদন্তের ঝুঁকি বাড়ায় এই গুরুত্বপূর্ণ পদের প্রয়োজনীয়তা আরও বেড়ে গেছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ডানা হোয়াইট। তিনি শুধু জানান, সোমবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পরিকল্পনা করছেন।
ডানা হোয়াইট দীর্ঘদিন ধরে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত। রিপাবলিকান পার্টির বিভিন্ন জাতীয় সম্মেলনে ভাষণ দেয়ার পাশাপাশি তরুণ পুরুষ ভোটারদের ট্রাম্পের দিকে টানতে তিনি বড় ভূমিকা রেখেছিলেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের ধাক্কা সামলাতে প্রশাসনে ব্যাপক রদবদল শুরু করেছেন ট্রাম্প। শুক্রবার তিনি তার দীর্ঘদিনের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসকে সরিয়ে কট্টর অনুসারী স্টিফেন মিলারকে দায়িত্ব দিয়েছেন, যিনি সোমবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রশাসনে আরও কিছু পরিবর্তন আসতে পারে।





