ইরানের জন্য যুক্তরাষ্ট্রের অদ্ভুত ভিসা শর্ত, নীরব ফিফা!

বিশ্বকাপ হাতে ট্রাম্প ও ইরান ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপে কোয়ালিফাই করে যেন বিপাকেই পড়েছে ইরান। অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ভিসা দিচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন সভাপতিসহ মোট ১৫ জন প্রশাসনিক কর্মকর্তার। এমনকি খেলোয়াড়দের শুধু ম্যাচের দিন গিয়ে খেলে আবার ফেরত আসার শর্তও দিয়েছে দেশটি।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে দলটি এবং খেলা শেষে ঐদিনই আবার ফেরত চলে আসতে হবে তাদের। এমনকি দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতিসহ মোট ১৫ জন প্রশাসনিক কর্মকর্তার ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র।

মেক্সিকোতে সংবাদ সম্মেলনে ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এমন অদ্ভুত ভিসা শর্তের কারণে দীর্ঘ ভ্রমণ ও সময়ের অপচয় ইরানি খেলোয়াড়দের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসানদিদেহ বলেন, ‘ফুটবলের জন্য আমাদের যুক্তরাষ্ট্রে আসাটাই বিশ্বের কাছে প্রমাণ করে যে, ইরান শান্তি চায় এবং প্রতিহিংসা পরায়ণ নয়। এ অবস্থায় দীর্ঘ ভ্রমণ এবং বারবার ফ্লাইটে যাতায়াত খেলোয়াড়দের ক্লান্ত করে তুলবে। সমন্বয়গত সমস্যা এবং সময় নষ্ট হওয়ার কারণে আমাদের জাতীয় দলের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হতে পারে।’

রাষ্ট্রদূত আরও জানান, খেলাধুলা ও বিশ্বকাপের মাধ্যমে ইরান সবসময় শান্তির বার্তা দিতে চেয়েছে। খেলাধুলার দর্শন হচ্ছে বিভিন্ন জাতিকে কাছাকাছি নিয়ে আসা, ট্রাম্প প্রশাসন তা দেখাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘খেলাধুলার মূল দর্শনই হলো বিভিন্ন জাতি ও দেশের মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে সে লক্ষ্য পূরণে হচ্ছে না। আমাদের ফুটবল দলও একই মনোভাব বহন করে। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ম্যাচগুলোতে অংশ নেয়া চেষ্টা চালিয়ে যাব। কিন্তু যদি তারা ভিসা ইস্যু না করে তাহলে তার দায় আমাদের নয়।’

ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রের ভেন্যুতে নিয়মিত আসা যাওয়ার ধকল কমাতে ইরান এরইমধ্যে তাদের ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করেছে।

লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ইরানের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে, কঠিন শর্ত জুড়ে দিয়ে ইরানের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এএইচ