হেক্সার পালে হাওয়া দিয়ে ব্রাজিলের দাপুটে জয়

ফুটবল বিশ্বকাপ

গোল করার পর উচ্ছ্বসিত ব্রাজিলের খেলোয়াড়া
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
3

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয় পেয়েছে ব্রাজিল। প্রতিপক্ষকে নাচিয়ে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্নের পালে হাওয়া দিয়েছেন ভিনি-কুনিয়ারা।

উড়ন্ত, দুরন্ত কিংবা দুর্ভেদ্য ব্রাজিল! মাত্র এক ম্যাচ পরেই বিশ্বমঞ্চে নিজেদের চিরচেনা ছন্দে ঝড় তুললো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। র‍্যাঙ্কিংয়ে ৮০ ধাপ পিছিয়ে থাকা হাইতিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ভিনিসিয়াস-কুলিয়ার।

আজ (শনিবার, ২০ জুন) সকালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে একাদশে দুই পরিবর্তন এনে ম্যাথিউস কুনিয়াকে আক্রমণ ভাগের মধ্যে মণি করেন সেলেসাও বস কার্লো আনচেলত্তি। শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ব্রাজিল। ম্যাচে ১২ মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়েও গিয়েছিলো তারা। তবে অফসাইডে বাতিল হয় তার গোল। এরপর ২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন রাফিনিয়া। আরও একবার হতাশায় ফেটে পড়ে সেলেসাও শিবির।

আরও পড়ুন

তবে এরপরই আসে ভিনিসিয়াস জুনিয়র ম্যাজিক। দুর্দান্ত এক আক্রমণে তিনি কাঁপন ধরিয়ে দেন হাইতির রক্ষণভাগে। সেখানে নড়বড়ে ডিবক্স থেকে প্রতিপক্ষের জালে বল জড়াতে ভুল করেননি কুনিয়া। ম্যাচের ৩৬ মিনিটে আবারও দেখা মেলে ভিনি-কুনিয়ার ম্যাজিক। ভিনির দারুণ পাস থেকে কুনিয়ার অসাধারণ গোলে ২-০ তে এগিয়ে যায় ব্রাজিল।

সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্নের পালে সবচেয়ে বেশি হাওয়া দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। জাতীয় দলে বিবর্ণ ভিনি, এমন সমালোচনা পেছনে ফেলে প্রথামার্ধের যোগ করা সময়ে আরও একবার ব্রাজিলকে এগিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধে গোলমুখে একের পর এক আক্রমণ চালালেও গোলের মুখ দেখেনি ব্রাজিল। ৭৮ মিনিটে তরুণ তুর্কি এনদ্রিক গোল করলেও অফসাইডে বাতিল হয় তা। অন্যদিকে পুরো ম্যাচে তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারলেও ৬৪ মিনিটে কর্নার থেকে ব্রাজিলের রক্ষণে একবার ভয় ধরিয়েছিলো হাইতি। তবে আলিসন আর গ্যাব্রিয়েলের যৌথ প্রচেষ্টায় সে যাত্রায় রক্ষা পায় সেলেসাওরা।

শেষ পর্যন্ত বড় জয়ের সঙ্গে ছন্দে ফেরার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। তবে প্রথামার্ধে ইনজুরির পড়া রাফিনিয়াকে নিয়ে কিছুটা শঙ্কায় আছে হেক্সা মিশনে নামা দলটির ভক্ত-সমর্থকরা।

জেআর