এমপি গাজী নজরুলের পত্র সংসদকে পড়ে শোনালেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, জিএম নজরুল ইসলাম
দেশে এখন
0

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শেরেবাংলা নগর থানা পুলিশের একটি মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ (সোমবার, ৯ নভেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত একটি পত্র থেকে এ তথ্য সংসদ সদস্যদের পড়ে শোনান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্পিকার জানান, গত ৭ নভেম্বর পাঠানো ওই পত্রে উল্লেখ করা হয়েছে, জিএম নজরুল ইসলামকে গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পত্রে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারের পর ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আরও পড়ুন:

এসময় স্পিকার বলেন, ‘কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী প্রাপ্ত পত্রের সংশ্লিষ্ট অংশ সংসদে পাঠ করে শোনানো হলো।’

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

একই দিন রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম ও নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা এস এম মাসুম বিল্লাহ।

এসএস