ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ মুখোমুখি পর্তুগাল-উজবেকিস্তান

রোনালদো
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপে আজ গ্রুপ ‘কে’তে নিজেদেরে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পর্তুগাল তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। টেক্সাসের এন আর জি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়। প্রথম ম্যাচে কঙ্গোর সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে পর্তুগাল, আর কলম্বিয়ার কাছে হেরে ব্যাকফুটে রয়েছে উজবেকিস্তান। নক-আউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে আজ দুই দলের সামনেই ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ।এবারের টুর্নামেন্টে যে কয়টি দল বিশ্বকাপের দাবি নিয়ে খেলতে এসেছে তাদের মধ্যে অন্যতম পর্তুগাল। তবে তাদের সেই স্বপ্নের পালে ঝড়ো হাওয়া বয়ে গেছে প্রথম ম্যাচেই।

কঙ্গোর বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখেও গোলমুখে খেই হারিয়েছিল পর্তুগাল। মাত্র একটি শট অন-টার্গেট থাকায় এক-এক গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সাথে ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স নিয়ে চারদিকে শুরু হয় তীব্র সমালোচনা। তবে মাঠের বাইরের এ চাপকে একদমই পাত্তা দিচ্ছে না পর্তুগাল শিবির। দলের দাবি, তারা আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ বলেন, ‘খারাপ ফলাফলের পর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। প্রথম ম্যাচে ড্র করার পর আমি তো আর গোলাপ ফুল আশা করতে পারি না। তবে দলের ভেতর আমরা অত্যন্ত ফোকাসড এবং শক্তিশালী। আমি বলতে পারি, বিশ্বকাপে আসার আগের চেয়েও এখন আমাদের গ্রুপটা অনেক বেশি একতাবদ্ধ।’

আরও পড়ুন:

এদিকে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুতেই কলম্বিয়ার কাছে তিন-এক গোলে হেরেছে উজবেকিস্তান। ইতিহাস এবং শক্তির বিচারে পর্তুগালের চেয়ে অনেকটাই পিছিয়ে তারা। তবে বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আজ হারানোর কিছু নেই এশিয়ান দলটির। ইতালির কিংবদন্তি এবং উজবেকিস্তানের বর্তমান কোচ ফাবিও কানাভারো মনে করেন, প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজ চমক দেখাতে পারে তার দল

উজবেকিস্তানের কোচ ফাবিও কানাভারো বলেন, ‘আমি জানি পর্তুগাল শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করবে। তবে আমাদের নিজস্ব কৌশল আছে। আমরা মোটেও ভীত নই, পর্তুগালের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চাই। আর আমরা শুধু ক্রিস্টিয়ানোকে নিয়ে ভাবছি না, পর্তুগালের বেঞ্চেও দারুণ সব প্রতিভাবান ফুটবলার আছে।’

কাগজে-কলমে পর্তুগাল যোজন যোজন এগিয়ে থাকলেও, ফুটবল অনিশ্চয়তার খেলা। আজ পর্তুগিজদের লক্ষ্য যেখানে প্রথম জয়ের স্বাদ পাওয়া, সেখানে উজবেকিস্তানের স্বপ্ন বিশ্বমঞ্চে টিকে থাকার নতুন ইতিহাস লেখা

এফএস