৪৮ দলের চলতি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি স্পেন। একের পর এক জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুর্দান্ত ছন্দে থাকা স্প্যানিশদের প্রতিপক্ষ বেলজিয়াম।
বল দখলে আধিপত্য, শক্তিশালী রক্ষণ এবং কার্যকর আক্রমণভাগ- সব মিলিয়ে এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্পেন। তবে এখনই সন্তুষ্টি জানাচ্ছেন না দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, বেলজিয়াম ম্যাচেই সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে তাদের।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আগামীকালের ম্যাচই হবে এখন পর্যন্ত আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা। বেলজিয়াম খুবই শক্তিশালী দল। তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা ইউরোপের বড় বড় ক্লাবে নিয়মিত শিরোপা জিতেছে। তাই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
স্পেনের সবচেয়ে বড় তারকা হিসেবে বিশ্বকাপে এসেছিলেন লামিনে ইয়ামাল। তবে ১৮ বছর বয়সী এ উইঙ্গার এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছেন। যা নিয়ে চিন্তিত নন ফুয়েন্তে।
স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামাল আক্রমণে অবশ্যই নিজের সামর্থ্য দেখাবে। তবে আমাদের দলের সবচেয়ে বড় শক্তি কোনো একক খেলোয়াড় নয়, বরং দলগত পারফরম্যান্স। গত ১৫-২০ বছর ধরেই স্পেনের পরিচয় দলীয় ফুটবল। এবার আমরা আরও শক্তিশালী রক্ষণ গড়েছি, এখন পর্যন্ত কোনো গোলও খাইনি।’
অন্যদিকে, স্পেনকে সমীহ করলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না বেলজিয়াম। টুর্নামেন্টে অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েই মাঠে নামবে তারা। গোলের সুযোগ তৈরি এবং আক্রমণাত্মক ফুটবলে নিজেদের সক্ষমতার কথা তুলে ধরেছেন কোচ রুডি গার্সিয়া।
বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেন, ‘আমাদের খুব ভালো একটি দল রয়েছে। আমরা গোল করতে জানি। বিশ্বকাপে আমাদের আক্রমণভাগ অন্যতম সেরা এবং সবচেয়ে বেশি গোলের সুযোগও আমরা তৈরি করেছি। সবাই হয়তো ভাবছে আমরা বিদায় নেব, কিন্তু আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে। সেমিফাইনালে ওঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’
একদিকে স্পেনের দুর্দান্ত রক্ষণ, অন্যদিকে বেলজিয়ামের বিধ্বংসী আক্রমণভাগ। দুই ভিন্ন শক্তির লড়াইয়ে জমজমাট এক কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় ফুটবল বিশ্ব। জয়ী দল পাবে সেমিফাইনালে ফ্রান্সকে মোকাবিলার টিকিট।





