ফিফা নিষেধাজ্ঞায় তিন শীর্ষ ক্লাব; শঙ্কায় বাংলাদেশ ফুটবল লিগ

অনুশীলন চলছে
ফুটবল
এখন মাঠে
1

ফিফা নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে আছে দেশের শীর্ষস্তরের তিন ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড এবং ফকিরেরপুল ইয়াংমেন্স। সহসাই মুক্তি না পেলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগেও দেখা যাবে না দলগুলোকে। ক্লাবগুলো সমাধান খুঁজছে সীমিত সময়ের মাঝে। আর বাফুফে বলছে, ক্লাবগুলোর এমন পরিণতি দুঃখজনক।

হাতে সময় আর চারদিন। এরমাঝেই ফিফার সবুজ সঙ্কেত না পেলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে খেলা হচ্ছে না বসুন্ধরা কিংসের। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত লিগ চ্যাম্পিয়নদের নামের পাশে আছে ১২টি নিষেধাজ্ঞা। যে কারণে আসন্ন লিগ মৌসুমের জন্য নিবন্ধনও করা হয়নি ক্লাবটির। নামে অভিজাত হলেও, নিজেদের কার্যক্রমে আপাতত বসুন্ধরা কিংসকে তুলনা করতে হচ্ছে অপেশাদার ক্লাবের সঙ্গে।

এদিকে বসুন্ধরা কিংসের ক্লাবেও নেমেছে একরাশ হতাশা। দলের ম্যানেজার এবং টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলম নিপুর ভাষ্য, আগামী দুই থেকে তিনদিনের মাঝে অর্থের ব্যবস্থা করতে পারলেই কেবল নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে পারে ঘরোয়া ফুটবলের নামী এই ক্লাবটি। তবে, সেটি নিয়েও খুব বেশি আশাবাদী শোনা যায়নি তাকে।

আরও পড়ুন:

বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ জোবায়েদ আলম নিপু বলেন, ‘বসুন্ধরা চেষ্টায় আছে ওই ব্যানগুলো উইথড্র করার জন্য। আর আমাদের ফেডারেশন থেকে এক্সটেন্টও করছে ১১ তারিখ পর্যন্ত। মোহামেডান আর আমাদের জন্য আরকি, যেহেতু আমরা দুইটা বড় টিম। আর ফিফার ব্যান ছাড়া, উইথড্র ছাড়া আমাদের টিম করা যাবে না আরকি, এটা ফিফার নির্দেশনা আছে। তো ব্যান উইথড্র করতে গেলে টাকা দরকার। টাকা যদি সংস্থান হয়, আজকে রবি-সোমবারের মধ্যে হলে ইনশাল্লাহ হবে আরকি। এটা তারা আমাদেরকে অফিশিয়ালি হোপ দিয়েছে। এর বাইরে আমি আর কিছু বলতে পারব না।’

ক্লাবগুলোর জন্য গতকালই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে লাইসেন্স রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাফুফে। তিন ক্লাবের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে রাজি দেশি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। তবে, এমন এক পরিস্থিতি তৈরি হওয়াকে দেশের ফুটবলের জন্য দুঃখজনক বলে উল্লেখ করছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

তিনি বলেন, ‘তবে আমাদের স্টার্ট ডেট অব দ্য লিগ কিন্তু আনচেঞ্জড আছে এখন পর্যন্ত। সো ওইটাকে এফেক্ট না করে আমরা চেষ্টা করব সকল ক্লাবকে—যাদেরই একটু সময় লাগবে গুছাবার জন্য, আমরা দিতে চেষ্টা করব এটা। এখন এটা ক্লাবগুলো যত দেরি করবে, এটা তারাই লুজার হবে সত্যি কথা। তাদের জন্য ওভারঅল লিগ সাফার করবে, বাট দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে। আর আমাদের আর্থ-সামাজিক অবস্থার কথা যদি চিন্তা করেন, ইটস অলসো ভেরি ডিফিকাল্ট ফর দ্য ক্লাবস। সো ইটস অ্যান—যেটা আমি বললাম—এটা একটা অনগোয়িং প্রসেস। এভাবেই আমাদেরকে চলতে হবে।’

২১ আগস্ট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। বিকল্প ভাবনায় তৈরি থাকতে বলা হয়েছে আরও ৩ দলকে। জোড়াতালির এই লিগ বাংলাদেশ ফুটবলে আরেকটা বিতর্কিত অধ্যায় যুক্ত করবে, সেটাও অনেকটা নিশ্চিত।

এফএস