বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন মামুনুল!

মামুনুল ইসলাম
ফুটবল
এখন মাঠে
0

এশিয়ান কাপ বাছাইয়ে অনূর্ধ্ব-২০ দলের ব্যর্থতা, মাঝপথে কোচ বরখাস্ত, ঘরোয়া লিগ পেছানোর পাশাপাশি আসিয়ানের প্রস্তুতি ও পরিকল্পনা— সব মিলিয়ে ফেডারেশনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। একইসঙ্গে তাগিদ দিলেন, শুধু প্রবাসী ফুটবলার এনে দলকে শক্তিশালী করলেই হবে না, তাদের সঙ্গে ঘরের খেলোয়াড়দেরও বোঝাপড়ার পরিবেশ করে দিতে হবে।

এশিয়ান বাছাইপর্বে অনূর্ধ্ব-২০ দলের হতাশাজনক পারফরম্যান্স এবং মাঝপথে কোচ বরখাস্তের ঘটনা- যেন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের ফুটবলের উন্নয়ন সংকট। বয়সভিত্তিক দলে পরিকল্পনার ঘাটতি, প্রতিযোগিতামূলক ম্যাচের অভাব— সব মিলিয়ে ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই বাফুফের।

এবিষয়ে সাবেক অধিনায়ক মামুনুল বলছেন, বাফুফের টেকনিক্যাল ও ডেভেলপমেন্ট কমিটির সমন্বয়হীনতা ও পেশাদারি সিদ্ধান্তের অভাব স্পষ্ট।

তিনি বলেন, ‘সাফের পর তো এশিয়া। আমাদের এশিয়ান লেভেলে ডমিনেট করতে হবে। আর ডমিনেট করতে হলে আমাদের জুনিয়র টিমটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। তাহলে তারা সিনিয়র টিমে এসেও ডমিনেট করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘দুই কোচের মধ্যে যখন একটা ঝামেলা হয়, এটা টিমের ওপর প্রভাব পড়ে। এটা যারই দোষ হোক। তবে সেটা আগেই আপনার পরিষ্কার করা উচিত ছিলো।’

জাতীয় দলের ক্ষেত্রে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভূক্তি শক্তি বাড়াবে। কিন্তু রাকিব, মোরসালিন, তপুদেরকেও প্রবাসী ফুটবলারদের সঙ্গে বোঝাপড়ার পরিবেশ তৈরি করে দেয়ার তাগিদ দিলেন মামুনুল।

মামুনুল বলেন, ‘প্রবাসী খেলোয়াড়রা আসলে আমাদের আমাদের টিমের শক্তিটা বাড়ছে, আমাদের দলের খেলোয়াড়দের পারফরম্যান্সও বাড়ছে, তাদের জায়গায় যেতে হলে। তো আমি মনে করি এটা ভালো দিক। তারা আসে, যেমন- আমাদের গোলরক্ষকটা ৬ ফুট ৮ ইঞ্চি। তার ব্যাপারটা যদি আমি বলি, তাকে যদি আমরা প্রস্তুত করতে পারি, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য ভালো।’

তবে প্রশ্ন থেকেই যায়, বাফুফের কর্মকর্তারা আসলে কোন পথে এগোতে চান? অনূর্ধ্ব-২০ থেকে জাতীয় দল— পুরো পাইপলাইন সাজাতে কবে বাস্তবায়ন হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা?— এমন সব প্রশ্নের মাঝে আসন্ন আসিয়ান কাপের জন্য ঘরোয়া লিগের সময়সূচি আবারও পিছিয়ে যাওয়ার শঙ্কা, যা ফেডারেশনের অদূরদর্শীতাকেই সামনে আনে।

সাবেক অধিনায়ক মামুনুল বলেন, ‘প্রোফেশনাল লিগ, কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু আনপ্রোফেশনালিজম।’

অনূর্ধ্ব-২০ দলের ব্যর্থতা শুধু একটি টুর্নামেন্টের ফল নয়, এটি ভবিষ্যতের জাতীয় দলেরও সতর্কবার্তা। পাশাপাশি আসিয়ানে সাফল্যের ওপর নির্ভর করবে সাফের পারফরম্যান্স।

এসএইচ