ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ; বিজয়ীর নাম নিয়ে জল্পনা

ব্যালন ডি’অর
ফুটবল
এখন মাঠে
0

ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর শুরু হয়েছে জোর আলোচনা, কার হাতে উঠছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ট্রফিটি? গোলবন্যায় ভাসানো হ্যারি কেইন নাকি বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রি? নাকি চমক দেখিয়ে আরেকবার ব্যালন ডি’অর হাতে নেবেন লিওনেল মেসি?

দলীয় খেলা ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। প্রতি বছর ভক্তরা তাই অধীর আগ্রহে অপেক্ষা করেন, প্রিয় তারকার হাতে সোনালি ট্রফিটা দেখার জন্য। ফিফা বিশ্বকাপের বছরে সেই উত্তেজনা বেড়ে যায় আরও বহুগুণ।

এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ২০২৬ ব্যালন ডি’অরের সম্ভাব্য ৩০ বিজয়ীর নাম। শেষপর্যন্ত কার হাতে উঠবে প্রেস্টিজিয়াস ট্রফিটি, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষাও।

এবার সেই লড়াইয়ে সবচেয়ে আলোচিত নাম হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৭২ গোল করেছেন এই স্ট্রাইকার। এক বছরে তার চেয়ে বেশি গোলের রেকর্ড আছে কেবল লিওনেল মেসির। তবে ব্যালন ডি’অর জিততে শুধু গোল করাই যে শেষ কথা নয়।

ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় অর্জন এবং খেলোয়াড়সুলভ আচরণ— মূলত এই তিন মানদণ্ডে চূড়ান্ত হয় বিজয়ী। যেখানে ভোট দেন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিকরা। জাতীয় দল ও ক্লাবের ট্রফি যেখানে হয়ে উঠে বড় নির্ধারক।

আরও পড়ুন:

এবার তাই ব্যালন ডি’অরের দৌড়ে কেইনের শক্ত প্রতিদ্বন্দ্বী গতবারের ব্যালন ডি’অরে দ্বিতীয় স্থান অর্জনকারী লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে লা লিগা ও ঘরোয়া ট্রফি জেতা এই স্প্যানিশ তরুণ এ বছর জিতেছেন বিশ্বকাপের সোনালি ট্রফিটাও। তাই টানা ধারাবাহিকতা আর অর্জনের পালক তাকে রাখছে শীর্ষ বাছাইয়ের তালিকার ওপরের দিকেই।

পিছিয়ে নেই গতবারের ব্যালন জয়ী ফরাসি তারকা ওসমান ডেম্বেলেও। গত মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ, লিগ ওয়ান জেতাতে বড় ভূমিকা রাখার পাশাপাশি বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন তিনি।

অন্যদিকে পর্তুগাল, ফ্রান্স ও আর্জেন্টিনাকে রুখে দিয়ে মিডফিল্ডে জাদু দেখিয়ে বিশ্বকাপ গোল্ডেন বলজয়ী রদ্রিও আছেন সম্ভাব্য জয়ীদের তালিকায়। সম্প্রতি বার্সেলোনায় যোগ দেয়ায় কাতালান ক্লাবটির ও স্পেন ভিত্তিক সাংবাদিকদের বিশাল একটি অংশের সর্মথন পেতে যাচ্ছেন তিনি।

ক্ষীণ হলেও এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভবনা আছে সর্বোচ্চ আটবারের জয়ী লিওনেল মেসিরও। ৩৯ বছর বয়সেও নিজের দেশকে তিনবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপ ফাইনালে তোলার কীর্তি গড়েছেন তিনি। মেজর লিগ সকারেও নিয়মিত গোলবন্যায় ভাসছেন আর্জেন্টাইন মহাতারকা।

এসএইচ