মিডফিল্ডের শক্তিতে সাফ জয় করবে বাংলাদেশ: মামুনুল

কথা বলেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম
ফুটবল
এখন মাঠে
1

বাংলাদেশকে সাফ জেতাবে মিডফিল্ডাররা। বংশোদ্ভূত আর দেশি ফুটবলারদের মিশেলে গড়া মধ্যমাঠ স্বাগতিকদেরকে যেকোনো ম্যাচে এগিয়ে রাখবে— এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। এক সময়ের দেশসেরা এই মিডফিল্ডার মনে করেন, আক্রমণে বাড়তি দায়িত্ব নিতে হবে শোমিত-মোরসালিনদের।

মাত্র কয়েক বছর আগেও মাঝমাঠে সৃষ্টিশীল একজন মিডফিল্ডারের অভাবে ভুগছিলো বাংলাদেশ। একাকী যোদ্ধা হয়েই মাঝমাঠ সামাল দিতে হয়েছিলো অধিনায়ক জামাল ভূঁইয়াকে।

কিন্তু দৃশ্যপটের বদল ঘটলো শেষ দুই বছরে। হামজা চৌধুরী, শোমিত শোম, কাজেম শাহরা এলেন; সোহেল রানা হয়ে উঠলেন অভিজ্ঞ। দেশি ফুটবলে উত্থান মোরসালিন-হৃদয়দের। উইংয়ে থাকা সুকি ইতোফুসা, রাকিব কিংবা ফাহমেদুলও পারেন মাঝমাঠ কাঁপাতে। সাফে বাংলাদেশের মিডফিল্ড এখন যেন তারার হাট।

তবে নামের ভার যাই-ই থাকুক, সুপারস্টার তো হামজাই। শেফিল্ডের তারকার দিকে তাকিয়ে দেশের ফুটবলভক্তরা ও কোটি মানুষ। সাবেক অধিনায়ক মামুনুল অবশ্য বিশ্বাস করেন, হামজা এসব প্রত্যাশার চাপ সামাল দেবেন ভালোভাবেই।

মামুনুল ইসলাম বলেন, ‘আমাদের দলের প্রধান শক্তি হলো মিডফিল্ড। আমি বিশ্বাস করি, মিডফিল্ডাররা যদি সেরা ফুটবলটা খেলতে পারে এবং নিয়ন্ত্রণ করে, আমরা সব দিক থেকে অন্য দলগুলোর থেকে এগিয়ে থাকবো।’

আরও পড়ুন:

বাংলাদেশ দলের অন্যতম মেধাবী ফুটবলার বলা চলে শোমিত শোমকে। হামজা যখন রক্ষণে সহায়তা করবেন, তখন পুরো দল অপেক্ষা করবে শোমিতের ম্যাজিকাল টাচের জন্য। সঙ্গে সোহেল রানার অভিজ্ঞতা, মোরসালিনের ফিনিশিং— সব মিলিয়ে সাফে বড় কিছুরই স্বপ্নই দেখছেন এসএ গেমসে স্বর্ণজয়ী মিডফিল্ডার।

মামুনুল বলেন, ‘সবাইকে দায়িত্ব নিতে হবে। শোমিতের অ্যাটাকিংটা—সেই জায়গায় দায়িত্ব নিতে হবে। বক্স টু বক্সে হামজার দায়িত্ব নিতে হবে। অন্যরা সবাই নিজের সেরাটা দিতে পারলে আমি মনে করি, আমাদের নিয়ন্ত্রণটা মাঝমাঠ থেকেই শুরু হবে।’

তবে মামুনুলের পছন্দের মিডফিল্ডে জায়গা পাননি অভিজ্ঞ জামাল। কারা থাকছেন সাবেক অধিনায়কের শুরুর পছন্দ হিসেবে?

তিনি বলেন, ‘আমি মনে করি, হামজা-শোমিতের ওপরে মোরসালিনকে খেলানোটা সেরা সিদ্ধান্ত হতে পারে।’

সাবেক আর দশজনের মতো মামুনুলও ভরসা রাখতে চান নতুন প্রজন্মের তারকাদের ওপর। হামজা-শোমিতরা সেটা ফিরিয়ে দেবেন বড় মঞ্চে, সেটার অপেক্ষায় গোটা দেশ।

এসএইচ