জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মধ্যেই তুরস্কে চলছে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-থার্টি ওয়ান। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন এবারের সম্মেলনের বিশেষ তাৎপর্যপূর্ণ দিক। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিল গঠন ও ক্ষতিপূরণ আদায়, কার্বন নিঃসরণ কমানো ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য ও সবুজ জ্বালানিতে রূপান্তরে প্রযুক্তি ও আর্থিক সহায়তা।
তবে এবারের জলবায়ু সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে কয়লানির্ভর দুই দেশ তুরস্ক ও অস্ট্রেলিয়া। তাই জীবাশ্ম জ্বালানি কমানোর আলোচনা কতটা আলোর মুখ দেখবে সেটি এখন বড় প্রশ্ন। আগামী ১১ ও ১২ নভেম্বর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান উচ্চপর্যায়ের আলোচনা ও বক্তব্য উপস্থাপন করবেন।
বৈশ্বিক জ্বালানি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক এমবার-এর তথ্য মতে, গেল বছর তুরস্কের বিদ্যুৎ উৎপাদনের বৃহত্তম উৎস প্রায় ৩৪ শতাংশ ছিল কয়লা। যা দেশটিকে ইউরোপের বৃহত্তম কয়লা-চালিত বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত করেছে। ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুতের মাধ্যমে পূরণের প্রস্তাব দিয়েছে আয়োজক দেশ তুরস্ক। এক্ষেত্রে স্বল্প কার্বন নিঃসরণের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
এদিকে, তুরস্কের দক্ষিণ-পশ্চিম মুগলা প্রদেশের ইকিজকোয় গ্রাম পুরোটাই ধ্বংসের মুখে চলে গেছে কয়লা খনির কারণে। হুমকির মুখে ফেলেছে কৃষিজমিসহ প্রকৃতি ও মানুষের জীবনকে। তুরস্কের মোট বিদ্যুৎ উৎপাদনের ২ শতাংশ কয়লা আসে এই অঞ্চলের খনি থেকে। উজাড় করা হয়েছে গ্রামের বিস্তীর্ণ অঞ্চল ও বনাঞ্চল।
এমন অবস্থায় কয়লা খনির এই ধ্বংসযজ্ঞ স্বচক্ষে পরিদর্শনে সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতা ও জাতিসংঘ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন গ্রামবাসী। কীভাবে দূষিত হয়েছে এখানকার বাতাস তাদের সেগুলো দেখা দরকার।
তুরস্কের স্থানীয় পরিবেশবাদী নেতা নেজলা আইসিক বলেন, ‘কয়লা খনি বন্ধ করতে হবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই কেবল নথিপত্রে সই করে বা ডেস্কে বসে কথা বলে অর্জন করা সম্ভব নয়। আলোচনা ও স্বাক্ষরের বিষয়গুলোর বাস্তবায়ন জরুরি। কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিস্থিতি উন্নত করতে হলে অবশ্যই এসব কয়লা খনি বন্ধ করতে হবে।’
বছরের পর বছর ধরে কয়লা খনির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে গ্রামবাসী। এজন্য বহু মানুষকে নানা সময় জেল-জরিমানা মুখে পড়তে হয়েছে। এছাড়া, খনির জন্য সরকারের জমি অধিগ্রহণের কারণে অনেকে হারিয়েছে তাদের কৃষিজমি।
স্থানীয় একজন বলেন, ‘সরকারের নির্যাতনের মুখেও গ্রাম ও পরিবেশ রক্ষায় আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হয়েছি। কারাগারেও যেতে হয়েছে।’
সরকারের এমন দমনপীড়নের বিষয়ে নিন্দা জানিয়ে আসছে মানবাধিকার সংস্থাগুলো। উদ্বেগ জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, পরিবেশবাদীদের আন্দোলনে গণগ্রেপ্তার চালিয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে সরকার।
হিউম্যান রাইটস ওয়াচের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী গবেষক দেনিজ বায়রাম বলেন, ‘পরিবেশবাদীদের ওপর সরকারের দমনপীড়ন পরিবেশবাদী ও পরিবেশ সংগঠনগুলোর ওপর সরকারের দমনপীড়ন তুরস্কে নাগরিক অধিকারের পরিপন্থী। স্থানীয় সম্প্রদায়, নাগরিক সমাজ সংগঠন ও প্রতিনিধিরা পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের মুখে পড়েন। তারা নিরাপত্তা কর্মকর্তাদের সহিংসতার শিকার হন।’
তবে তুরস্ক সরকারের দাবি, বেআইনি বিক্ষোভ ও বিশৃঙ্খলা এড়াতেই কেবল পুলিশ পদক্ষেপ নেয়। ২০২৩ সালে কয়লা খনির জন্য বন উজাড় করতে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় গ্রামবাসীরা।





