সাফের মাঝপথে খেলোয়াড় ফেরাচ্ছে ভারত, বিতর্কে দলীয় ব্যবস্থাপনা

মাঠে ভারতের ফুটবলাররা
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপের মাঝপথেই নিজেদের ছয় ফুটবলারকে দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত। জাতীয় দল এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে চুক্তির জেরেই দেশে ফিরে যাচ্ছেন তারা। আর এতে করে আবার প্রশ্নের মুখে পড়েছে সাফে ভারতের স্কোয়াড। প্রশ্ন উঠেছে, সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে ভারতের মানসিকতা নিয়েও।

সাফ চ্যাম্পিয়নশিপকে যেন গুরুত্বই দিতে চাইছে না ভারত। একইসঙ্গে জাতীয় দলের দু’টি সূচি হাতে নিয়ে এগোচ্ছে ভারত, অর্থাৎ জাতীয় দলকে দু’টি ভাগে খেলানো হবে ২টি আলাদা জায়গায়। একদিকে একটি দল অংশ নেবে সাফ চ্যাম্পিয়নশিপে, অন্যদিকে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যাবে আরেক দল।

শুরুতে জাতীয় দলকে ঢাকায় পাঠাতে গড়িমসি। এরপর কেবল ১৭ জনের স্কোয়াড পাঠানো। আর এবারে দল থেকে ৬ খেলোয়াড় প্রত্যাহার।

গতকাল (শুক্রবার, ৬ নভেম্বর) মধ্যরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ভারতের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের হেড কোচ খালিদ জামিল। যেখানে সাফের স্কোয়াডে থাকা তিন ফুটবলার ডাক পেয়েছেন।

ফেডারেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, খালিদ জামিলের স্কোয়াডে থাকা বিজয় ভারগাসে, মোহাম্মদ সুহাইল এবং লিস্টন কোলাচো ঢাকায় অনুষ্ঠিত সাফে আর থাকছেন না। এছাড়া স্কোয়াডে থাকা মুম্বাই সিটি এফসির তিন ফুটবলার ফারুক চৌধুরী, নওশাদ ও হামিংথানমাওয়া রালতে ঢাকা ত্যাগ করবেন দ্রুততম সময়ে।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, মুম্বাই সিটি এফসির সঙ্গে দেশটির ফেডারেশনের চুক্তিই ছিলো কেবল এক ম্যাচের জন্য এ তিন ফুটবলারকে ঢাকা পাঠানো হবে। একইসঙ্গে ইনজুরির কারণে রনি খারবুদন আসছেন না সাফে। সব মিলিয়ে এই মুহূর্তে সাফে মাঠে নামানোর জন্য ১১ জন খেলোয়াড়ই বাকি আছে ভারতের।

আর এমন এক কাণ্ডের পর ভারতের নেটিজেনরা ক্ষিপ্ত হেডকোচ খালিদ জামিল এবং ফেডারেশনের ওপর। অনেকেই মনে করছেন এমন পদক্ষেপ কেবল ভারতের ফুটবলেরই ক্ষতি করছে। কেউ কেউ ফেডারেশন কর্তাদেরই অবিবেচক বলে উল্লেখ করেছেন।

কারো কারো ভাষ্য, ঢাকায় দল নিয়ে আসা কোচ নওশাদ মুসার সঙ্গে অবিচার করছেন খালিদ জামিল। নিজের ভবিষ্যত উত্তরসূরীকে ঠকাচ্ছেন খালিদ জামিল, এমন অভিযোগও করেছেন অনেকেই।

উল্লেখ্য, সাফে ভারতের পরের ম্যাচ ১১ নভেম্বর। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে ভারতে থাকা তাদের মূল জাতীয় দল দেশ ছাড়বে আজ (শনিবার, ৭ নভেম্বর) মধ্যরাতে।

এসএইচ