সুনামগঞ্জে সড়ক নির্মাণ নিয়ে বিতর্ক; এমপি-ঠিকাদারের পাল্টাপাল্টি অভিযোগ

সুনামগঞ্জ
নির্মাণাধীন রাস্তা
এখন জনপদে
0

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুরে ৮৭ কোটি টাকা ব্যয়ে সড়কের কাজ নিয়ে জেলাজুড়ে তোলপাড়। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল আসেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি নুরুল ইসলাম। পরিদর্শন শেষে কাজ বন্ধের নির্দেশ দেয়ায় এমপির বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তুললেন ঠিকাদার। আর এমপির দাবি অনিয়ম নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের কয়েকটি জায়গায় সেতু নির্মাণ, সেতুর অ্যাপ্রোচ উঁচুকরণসহ বিভিন্ন কাজ চলমান। ৮৭ কোটি টাকার এই প্রকল্পের কাজ করছেন ইসলাম ট্রেডার্সের শফিকুল ইসলাম। সড়কের কাজে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘বলে এগুলো নিম্নমানের বালি সিমেন্ট দিয়ে তো তৈরি করা হইছে। গার্ডওয়াল যেটা দিছে এখনই তারা এই গার্ডওয়াল আপনার প্রায় তিন ফুট চার ফুট হেলে গেছে।’

অন্য একজন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই কাজের নিম্নমান কাজের জন্য যারা জড়িত তাদের যেন আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। সিলিকন যে বালু বিট বালু যেটা দেওয়া হওয়ার কথা ছিল, সেই বিট বালু এখন দেয়া হয় না, দেয়া হচ্ছে মাটি।’

এদিকে গ্রামবাসী মিলে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে এমন দাবি জানান সংসদ সদস্য নুরুল ইসলামকে। পরে স্থানীয়দের সাথেই প্রকল্পের সালাপপুর ব্রিজের অ্যাপ্রোচ উঁচুকরণের কাজ পরিদর্শন করেন তিনি।

বিভিন্ন জায়গায় ফাটল, গার্ডওয়াল হেলে যাওয়া, নিম্নমানের ইট, বালু, পাথর ব্যবহার, মাটিতে কম্পেকশন না করাসহ বিভিন্ন অনিয়ম দেখে ক্ষোভ জানিয়ে কাজ বন্ধের নির্দেশ দেন এমপি।

কাজ বন্ধের নির্দেশনার পর কোটি টাকা চাঁদা না দেয়ায় সরকারি কাজ বন্ধ, নির্মাণকর্মীদের মারধর, নাশকাতার মামলার আসামি করে পুলিশ দিয়ে হয়রানির বিচার চেয়ে এমপির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ করেন ঠিকাদার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবরে অভিযোগ দিছে এবং সবগুলো আমার এভিডেন্স আছে। প্রধানমন্ত্রী আমার ডাকলামি সব এভিডেন্স নিয়ে দেবো।’

তবে এই অভিযোগের প্রেক্ষিতে সওজের নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে নিয়ে ফের প্রকল্প পরিদর্শনে আসেন এমপি। প্রাথমিকভাবে সড়কের কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান নির্বাহী প্রকৌশলী।

সুনামগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘যানের প্রেসারটা একটু বেশি। যার জন্য কাজটা উনি যেই অভিযোগ টানছে যে ইয়াটা হেলে যাচ্ছে, এটা ঠিক আছে। ত্রুটি পাওয়া গেছে, এগুলা সরিয়ে নেয়ার জন্য বলছি এবং এই নেক্সট যাতে কোনো ত্রুটিপূর্ণ ইট না আনা হয়। এটা আমরা নির্দেশনা দিয়ে দিছি ঠিকাদারকে।’

কাজে অনিয়মের প্রতিবাদ করায় চাঁপাবাজির অভিযোগ করে পার পেতে চাচ্ছেন ঠিকাদার। সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি সংসদ সদস্যের।

নুরুল ইসলাম বলেন, ‘আমি তো বলতেছি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এখানে যারা যদি দরখাস্ত দিয়ে থাকে, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার মাধ্যমে বলতেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে খুব ভালো হইছে যে উনি এটা সুষ্ঠভাবে তদন্ত করুক। করার পরে যেটাই সঠিক হয় এটি পদক্ষেপ নেবে।’

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর-তাহিরপুরের পর্যটন এলাকার এই সড়কটি যাতে মজবুত ও টেকসইভাবে নির্মাণ করা হয়, এমন দাবি হাওরাঞ্চলের মানুষের।

এসএস