দীর্ঘ যাত্রার ক্লান্তি উপেক্ষা করে অনুশীলনে হামজা

অনুশীলন করছেন হামজা চৌধুরী
ফুটবল
এখন মাঠে
0

সাফের লড়াইয়ে বাংলাদেশের শক্তি বাড়াতে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি, মাঝপথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি কোনো কিছুই দমাতে পারেনি তার জাতীয় দলের প্রতি টান। ভোরে দেশে পৌঁছেই যোগ দিয়েছেন অনুশীলনে। হামজার এই প্রত্যাবর্তন কি বদলে দেবে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস? সাফের আগে তাকে ঘিরেই এখন নতুন স্বপ্ন দেখছে বাংলাদেশ।

দীর্ঘ অপেক্ষার অবসান। দলে ফিরেছেন হামজা চৌধুরী। ভোর ৬টা ৪৫ মিনিটে দেশে পৌঁছান এই তারকা ফুটবলার। ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকায় পৌঁছে দীর্ঘ ভ্রমণ ক্লান্তি নিয়েই যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলনে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সোমবার বিকেলে অনুশীলনে নামে বাংলাদেশ দল। সেখানেই যোগ দিয়ে হামজা প্রমাণ দিয়েছেন জাতীয় দলের প্রতি তার নিবেদনও।

হামজার উপস্থিতি মানেই বাংলাদেশ দলের জন্য বাড়তি আত্মবিশ্বাস। শুধু মাঠের পারফরম্যান্স নয়, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব সতীর্থদেরও উজ্জীবিত করে। দলের খেলোয়াড়রাও অপেক্ষায় ছিলেন হামজার যোগ দেওয়ার। সাফের আগে তাঁর ফেরা তাই বাংলাদেশ শিবিরে যোগ করেছে বাড়তি উদ্দীপনা।

বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ বলেন, ‘আমাদের খেলোয়াড়রাও চাচ্ছিল যে হামজা চলে আসুক আসলে পরে আমাদের আমাদের মোটিভটা একটু চেঞ্জ হবে এবং আমাদের খেলার ধরণটাও একটু চেঞ্জ হবে। আপনারা জানেন, সে পুরো নিজ দায়িত্ব নিয়ে খেলে এবং যতটুক পারে তার তার পক্ষ থেকে উনি দেয়। আশা করি অবশ্যই আমাদের এই সামনের খেলাটা আমরা ভালো করবো।’

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে এরইমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার গ্রুপসেরা হওয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের। সেই মিশনে হামজার প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলকে বাড়তি প্রেরণা জোগাবে।

এফএস