দেশ কি বিদেশ- অগোছালো ফুটবল আর কৌশলগত ভুল বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত চিত্র। ঘরের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে হামজা চৌধুরীকে ছাড়া কোনোমতে জয় পেয়েছে স্বাগতিকরা। আর গ্রুপের অন্য দুই দল ভুটান এবং শ্রীলঙ্কার ম্যাচের ফলাফলে বাংলাদেশ পৌঁছে গেছে সেমিতে।
তবে গ্রুপে এখনও বাকি এক ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ফলাফলে নির্ধারণ হবে গ্রুপ সেরা নাকি রানার্সাপ হয়ে সেমিতে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচের আগে কতটা প্রস্তুত থমাস ডুলির দল?
গোলাম সারোয়ার টিপু বলেন, ‘গত ম্যাচ ভালো খেলেনি। খুবই বাজে খেলছে। তবে কথা হলো যে, ওই খেলা খেললে সম্ভাবনা খুব কম।’
দেশের কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্ব গোলাম সারোয়ার টিপুর মতে, কেবল কোচের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। মাঠের ফুটবলে বিচক্ষণতার পরিচয় দিতে হবে খেলোয়াড়দেরও।
তিনি বলেন, ‘সিলি সিলি সব মিস্টেক দেখলাম যে, সিম্পল পাস। এখানে যেটা গ্রাউন্ডের দেয়ার কথা, সেটা দিচ্ছে এয়ারে। যেটা এয়ারে দেয়ার কথা, সেটা দিচ্ছে গ্রাউন্ডে। লাস্টে একটা সিম্পল পাস যেটা নাকি একটু কাটিং করে ঢুকল, গ্রাউন্ডের পাস দিবে, সেইটা দিল গোলকিপারের কাছে। ওইখানে দুইজন আমাদের ফরওয়ার্ড আসছিল।’
বিগত কয়েক বছরে পজিশন অনুযায়ী বিকল্প খেলোয়াড় তৈরিতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাথে রয়েছে দীর্ঘদিনের স্ট্রাইকার সমস্যা। গোলাম সারোয়ার টিপুর মতে, গোলদাতার সংকট ভোগাতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে।
তিনি আরও বলেন, ‘সমস্যা নেই যেহেতু আমি দেখলাম যে, হি ইজ নট ফিট। বোধহয় কোনো একটা অসুস্থতা আছে। তবু বর্তমান বোধহয় মাসেল এখনো ঠিক হয় নাই। এখনো খেলতে পারবে না। কথা হলো এই টিম নিয়ে আমি খুব আশাবাদী হতে পারতেছি না। আমি চাইবো চ্যাম্পিয়ন হোক। তবে কথা আমার চাওয়া তো হবে না।’
কোচ আসে, কোচ যায় কিন্তু মাঠের পারফরম্যান্সের গ্রাফটা থেকে যায় একই জায়গায়। দেশের ফুটবলের এই সমস্যা সমাধানে কোচের ট্যাকটিক্সের পাশাপাশি খেলোয়াড়দের নিজেদের মেধার বিকাশ এবং ঘরোয়া ফুটবলের নিয়মনীতিতে আমূল পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করেন এই সাবেক কোচ।





