প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) হেগসেথকে দায়িত্ব থেকে অপসারণ করতে সোমবার নতুন করে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা টমাস ম্যাসি। তার অভিযোগ, কংগ্রেসের কোনো পূর্বানুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা ও অন্যান্য সামরিক অভিযানের নির্দেশ দিয়ে হেগসেথ মার্কিন সংবিধান ও আইন লঙ্ঘন করেছেন। তবে জবাবে হেগসেথ বলেন, কোনো গুরুতর অপরাধ বা দুর্নীতি নয়, বরং ক্ষোভ ও নীতিগত মতবিরোধ থেকেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি বলেন, ‘এটি দেশপ্রেম নয়, এটি স্পষ্ট অন্তর্ঘাত।’ পেন্টাগনপ্রধান সতর্ক করে বলেন, এ প্রস্তাব ইরানসহ যুক্তরাষ্ট্রের শত্রুদের কাছে এই ভুল বার্তাই দেয় যে, ওয়াশিংটন নিজের সেনাদের এবং বেসামরিক নেতৃত্বকে শাস্তি দিতে প্রস্তুত।
কংগ্রেসে বিরোধিতার মুখে প্রতিরক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হেগসেথকে দেশের ‘অন্যতম জনপ্রিয় ও সফল সামরিক কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, হেগসেথের প্রশংসা করা উচিত, অভিশংসন নয়। তিনি হেগসেথের পক্ষে অবস্থান নিতে কংগ্রেসের দলীয় আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ওয়াশিংটনে রাজনৈতিক চাপ চরমে উঠেছে। রিপাবলিকান দলের অনেকেই এ ভরাডুবির পেছনে ইরানের সঙ্গে ব্যয়বহুল ও অজনপ্রিয় যুদ্ধকে দায়ী করছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করেই বলেছেন, ‘নির্বাচনে আমাদের পরাজয়ের মূল কারণ হচ্ছে যুদ্ধ।’ এছাড়া নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টম টিলিস হেগসেথকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমারও ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষা দপ্তরের সামরিক কৌশল নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
বর্তমানে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সঙ্গে মাত্র তিনজন রিপাবলিকান আইনপ্রণেতা একাত্ম হলেই এ প্রস্তাব পাস হয়ে যেতে পারে। প্রস্তাব উত্থাপনকারী টমাস ম্যাসি দাবি করেছেন, প্রস্তাব পাসে পর্যাপ্ত রিপাবলিকানের সমর্থন মিলবে। অন্যদিকে আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে হেগসেথের সামরিক কর্মকাণ্ড নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছেন প্রতিনিধি পরিষদের হবু ডেমোক্র্যাট স্পিকার হাকিম জেফ্রিস।
—ইয়াহু নিউজের প্রতিবেদন অবলম্বনে





