এক বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছেন হামজা; লক্ষ্য শ্রীলঙ্কা ম্যাচ

হামজা চৌধুরী
ফুটবল
এখন মাঠে
0

দীর্ঘ এক বছর পর আবারও জাতীয় স্টেডিয়ামের চেনা গ্যালারি মাতাতে প্রস্তুত বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরী। ভুটান ম্যাচে না থাকার আক্ষেপ মেটাতে চান শ্রীলঙ্কার বিপক্ষে খেলে। এদিকে জাতীয় দলের নেতৃত্বভার কাঁধে তোলা নিয়ে নানা গুঞ্জনের মাঝে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন হামজা।

গেল বছরের শুরুতে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মত বাংলাদেশের জার্সিতে খেলতে নামেন হামজা চৌধুরী। হাজার হাজার সমর্থকদের স্লোগানে কেঁপে উঠে গ্যালারি। এরপর মাঝে কেটে গেছে দীর্ঘ একটা বছর। চেনা সেই গ্যালারি আর কোটি ভক্তের উন্মাদনাকে সঙ্গী করে আবারও বাংলাদেশের তাঁবুতে হাজির শেফিল্ড ইউনাইটেডের এই তারকা ফুটবলার।

লক্ষ্য এবার আরও বড়, আরও মর্যাদার। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপে দর্শকদের মুখে জয়ের হাসি ফোটানো।

মাঠের খেলা ছাড়িয়ে ফুটবল পাড়ায় এখন সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশ দলের নেতৃত্ব নিয়ে। দীর্ঘদিন ধরেই হামজার বাহুতে অধিনায়কত্বের ব্যান্ড পরানোর গুঞ্জন ছিল। তবে এবার কোনো লুকোচাপা নয়, কোচের দেয়া যেকোনো গুরুদায়িত্ব সামলাতে নিজের গ্রিন সিগন্যাল দিয়ে রাখলেন এই হাইপ্রোফাইল ফুটবলার।

অধিনায়কত্বের বাহুবন্ধনীর চেয়েও কোটি ভক্তের অপেক্ষা এখন হামজা চৌধুরীর চেনা ছন্দের জাদু দেখতেই। শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে সাফে হামজার শুরু হতে যাওয়া এই মিশনে লাল-সবুজকে আবারও ফিরিয়ে দেবে প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের শক্তি- এমনটাই প্রত্যাশা ফুটবলপ্রেমীদের।

এফএস