নেদারল্যান্ডস দিলো ৭ গোল, সার্বিয়াকে হারিয়ে জার্মানির স্বস্তি

উয়েফা নেশনস লিগ

নেশনস লিগে জয় পেয়েছে নেদারল্যান্ডস ও জার্মানি
ফুটবল
এখন মাঠে
0

উয়েফা নেশনস লিগে গ্রিসকে গোলবন্যায় ভাসালো নেদারল্যান্ডস। আমস্টারডামে ৭-০ গোলের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল ডাচরা। দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন তিয়ানি রেইন্ডার্স। অন্যদিকে, সার্বিয়াকে হারিয়ে শেষ আটে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে জার্মানি।

নেশনস লিগে প্রথম লেগের দেখায় গ্রিসের কাছে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র করেছিলো নেদারল্যান্ডস। তবে ফিরতি দেখায় ভিন্ন রূপেই দেখা দিলো ডাচরা। আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় প্রতিপক্ষকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ক্রিসেন্সিও সামারভিলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর শুরু তিয়ানি রেইন্ডার্সের গোল উৎসব। ১২ ও ১৮ মিনিটে জোড়া গোলের পর ৩৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এ মিডফিল্ডার। প্রথমার্ধের শেষ দিকে ইউরিয়েন টিম্বারের গোলে ব্যবধান দাঁড়ায় ৫-০। প্রথমার্ধে পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় গ্রিস।

আরও পড়ুন:

বিরতির পরও থামেনি নেদারল্যান্ডসের গোল উৎসব। ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন টিম্বার। দুই মিনিট পরই ডনিয়েল মালেনের গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০। বাকি সময় গোলের দেখা না পেলেও বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা। ১৯৮৯ সালের পর এই প্রথম এক ম্যাচে সাত গোল হজম করলো গ্রিস।

এদিকে রাতে বি গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়ার মাঠে ৩-১ গোলে জিতেছে জার্মানি। আত্মঘাতী গোলের পর ফ্লোরিয়ান ভির্টজের গোলে এগিয়ে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অভিষেকেই গোল করেন ব্রায়ান গ্রুডা। সার্বিয়ার হয়ে ব্যবধান কমান বাবিচ। ম্যাচের শেষ দিকে দুই খেলোয়াড় লাল কার্ড দেখলে নয়জনের দলে পরিণত হয় সার্বিয়া।

‘বি’ গ্রুপে পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে গ্রিস, সমান পয়েন্টে তিনে জার্মানি। শেষ রাউন্ডে সোমবার (১৬ নভেম্বর) জার্মানির মুখোমুখি হবে ডাচরা। আর গ্রিস খেলবে সার্বিয়ার বিপক্ষে। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

এসএইচ